ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে নদীতে নেমে নিখোঁজ হয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য। আসামের কাছাড় জেলার বরাক নদীতে এ ঘটনা ঘটে। সোমবার ভোরে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকাল পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সীমান্তবর্তী হরিনগর এলাকায় চোরাকারবারিদের অবস্থানের খবর পেয়ে বিএসএফের দুই সদস্য সেখানে যান। তাঁরা হলেন হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু। চোরাকারবারিদের ধাওয়া করলে তাঁরা বরাক নদীতে ঝাঁপ দেন। তাঁদের পিছু নিতে দুই বিএসএফ সদস্যও নদীতে নামেন। একপর্যায়ে জিতেন্দ্র যাদব সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কে ভেনু স্রোতে ভেসে যান।
নিখোঁজ বিএসএফ সদস্য কে ভেনু হরিনগর বর্ডার আউটপোস্টে কর্মরত ছিলেন। কাছাড় জেলার পুলিশ সুপার পার্থপ্রতীম দাস জানান, সোমবার সকালে বিএসএফের কোম্পানি কমান্ডার তাঁদের এ ঘটনার কথা জানান।
কে ভেনুকে উদ্ধারে স্টেট ডিজাস্টার রেসপন্স টিম (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও নৌ পুলিশ অভিযান চালাচ্ছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশ সীমান্তের কাছে হরিনগর এলাকায় চার থেকে পাঁচজন গরু চোরাকারবারি অবস্থান করছে—এমন তথ্য পেয়ে বিএসএফ সদস্যরা অভিযান চালান। এ সময় ধাওয়া খেয়ে চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দেন।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, স্থানীয় কয়েকজনের দাবি, নিখোঁজ বিএসএফ সদস্যকে বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা ধরে নিয়ে গেছেন। তবে এ দাবির বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস