কাউখালীতে ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের কাউখালীতে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি

2026-11-23T18:05:09+00:00
2026-11-23T18:05:09+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
কাউখালীতে ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম 
কাউখালীতে ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে
পিরোজপুরের কাউখালীতে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারণা চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকর্মী পরিচয়ে চক্রটির সদস্যরা মানুষের কাছ থেকে এসব টাকা নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্তের জন্য জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সোমবার (২৩ নভেম্বর) কাউখালী থানায় মামলাটি দায়ের করা হয়। এজাহারে ঘটনার সময়কাল চলতি বছরের ৫ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত উল্লেখ করা হয়েছে। উপজেলার আসপর্দী গ্রামের মোসা. হালিমা বাদী হয়ে মামলাটি করেন। আটক তিনজনসহ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা নিজেদের প্রভাবশালী পরিচয় দিয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার কথা বলে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেন। পরে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা দাবি করেন। ফ্যামিলি কার্ডের জন্য সাড়ে তিন হাজার, ঘরের জন্য ৫০ হাজার এবং গভীর নলকূপের জন্য ১৫ হাজার টাকা চাওয়া হয়।

এ ছাড়া কম দামে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহের প্রলোভন দেখানো হয়। অনেকেই কম দামে এসব পণ্য পেয়ে চক্রটির সদস্যদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন। পরে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষ এসব সুবিধা পাওয়ার আশায় টাকা দেন। একপর্যায়ে টাকা নিয়ে চক্রটির সদস্যরা গা-ঢাকা দেন বলে অভিযোগ উঠেছে।

এর আগে গত রোববার (২২ নভেম্বর) রাতে প্রতারণার খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযান চালিয়ে চক্রটির তিন সহযোগীকে আটক করেন। পরে তাঁদের কাউখালী থানায় সোপর্দ করা হয়। এ সময় অর্ধশতাধিক নারীসহ বিপুলসংখ্যক ভুক্তভোগী থানায় এসে অভিযোগ জানান। তাঁদের অনেককে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, থানায় আসা ব্যক্তিদের মধ্যে ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন পণ্য কেনার নামে এবং ১২ জন সরকারি ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছেন। তাঁদের মধ্যে দিনমজুর, শিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন। এ ছাড়া আরও অনেকে টাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে অনেকেই থানায় অভিযোগ জানাতে না আসায় মোট কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায়নি।

অভিযোগে চক্রটির মূল হোতা হিসেবে শাকিল আহমেদের নাম উঠে এসেছে। তাঁর প্রধান সহযোগী হিসেবে ফাহিমা নামের এক নারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি আগেই এলাকা ছেড়ে পালিয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, প্রতারক চক্রের সদস্যদের ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে মূল হোতা পালিয়ে গেছেন। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে চক্রটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। সয়না-রঘুনাথপুর ইউনিয়নের রিপন নামের এক ব্যক্তির কাছ থেকেও সাত লাখ টাকার বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। তবে তিনি মুঠোফোনে তাঁকে বিষয়টি জানালেও থানায় কোনো অভিযোগ করেননি।

এদিকে, থানায় শত শত মানুষের ভিড়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার সেখানে উপস্থিত হন। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। আটক তিন আসামিকে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, সরকারি টিউবওয়েল পেতে কোনো টাকা দিতে হয় না। তবে সরকারের নির্ধারিত ফি থাকলে তা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয়।

অন্যদিকে, পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী অভিযোগের বিষয়টি তদন্তের দায়িত্ব জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালককে দিয়েছেন বলে সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে। প্রশাসনের উদ্যোগে প্রতারণার ঘটনা, অর্থ লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা পৃথকভাবে খতিয়ে দেখা হচ্ছে।

ভুক্তভোগীরা প্রতারণা চক্রের মূল হোতাসহ জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তার, আত্মসাৎ করা টাকা উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: