হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন এর মোড়াকরি গ্রামের কুমার পল্লীর মৃৎশিল্পীদের জীবনমান উন্নয়ন এবং এ পেশার আধুনিকায়ন ও যোগাপোযোগী চাহিদা মেটাতে সক্ষম করে গড়ে তুলতে পল্লী পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর বেলা উপজেলার মোড়াকরি ইউনিয়ন এর মোড়াকরি গ্রামের কুমার পল্লীর বাড়ী বাড়ী গিয়ে তাদের উৎপাদিত মাটির তৈজসপত্র সহ বিভিন্ন উপকরণ তৈরির কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের বিরাজমান সমস্যা সম্মন্ধে অবগত হন।
পরে পল্লীর মাটির গারিগর অনুকূল রুদ্রপাল এর বাড়িতে কুমার পল্লীর পুরুষ ও মহিলার অংশ গ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নীতকরণের ও উন্নয়ন এর মূল স্রোত ধারায় তৃনমুল পর্যায়ে কাজ করে যাওয়া সংগঠন এডভোকেসী নেটওয়ার্ক কমিটি লাখাই এর চেয়ারম্যান মোহাম্মদ বাহার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান।
মৃৎশিল্পীদের বিরাজমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন এডভোকেসী নেটওয়ার্ক কমিটি লাখাই এর ভাইস চেয়ারম্যান এম এ ওয়াহেদ, অনুকূল রুদ্রপাল,দীপালি রানী রুদ্রপাল, শংকর রুদ্রপাল,অভিরাম রুদ্রপাল প্রমূখ।
সভায় বক্তারা বলেন মৃৎশিল্পে লাখাইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এক সময়ে লাখাই উপজেলার মৃৎশিল্প ও প্রতিমা শিল্পীদের শিল্পকর্মে দেশজুড়ে খ্যাতি ছিল। কালের বিবর্তনে প্লাস্টিকের আগ্রাসনের ফলে মাটির তৈজসপত্রের ব্যবহার হ্রাস পেয়ে বর্তমানে তা অস্তিত্ব সংকটে।
এর পরও মোড়াকরি ইউনিয়ন এর মোড়াকরি গ্রামের কুমার পল্লীর ৬০ টি পরিবার সহ উপজেলার লাখাই, পশ্চিম বুল্লা গ্রাম সহ শতাধিক পরিবার এ পেশাকে আঁকড়ে ধরে আছে।
প্রধান অতিথি ইউএনও তারেক হাসান বলেন মৃৎশিল্পের উন্নয়ন ও আধুনিকায়নে উপজেলা প্রশাসন এর পক্ষে সম্ভব সবকিছু করা হবে। তাদের ইলেকট্রনিক চাকা ও মাটি মিশানোর যন্ত্র ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।