চট্টগ্রাম মহানগরে বাসি খাবার সংরক্ষণ, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (২৩ নভেম্বর) নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এসময় সহকারী পরিচালক আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
জানা গেছে, অভিযানে ফজল দিন ইকবাল দিন নামের প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।এছাড়া পূরবী হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ফ্রিজে রান্না করা পচা ও বাসি খাবার বিক্রির উদ্দেশে সংরক্ষণ করতে দেখা যায়। এসব খাবারের মধ্যে বাসি সবজি, তরকারি, গ্রিল, বিরিয়ানি এবং অন্যের খাওয়ার পর প্লেট থেকে তুলে রাখা ভাতের সঙ্গে মেশানো মাংস ছিল। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়।অন্যদিকে, পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল দিয়ে খাবার ভাজার দায়ে বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।