মাধবপুরে শিল দিয়ে আঘাতের ঘটনায় ৬ দিন পর স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাতের ঘটনায় ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন মো. হাসান

2026-11-23T15:49:55+00:00
2026-11-23T15:49:55+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
মাধবপুরে শিল দিয়ে আঘাতের ঘটনায় ৬ দিন পর স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম 
মাধবপুরে শিল দিয়ে আঘাতের ঘটনায় ৬ দিন পর স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে
হবিগঞ্জের মাধবপুরে পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাতের ঘটনায় ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন মো. হাসান আল মামুন (৩২)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তাঁর স্ত্রী মমতা বেগম (২৫) বর্তমানে কারাগারে রয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামুনের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।

এর আগে শনিবার (২১ নভেম্বর) হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন মমতা বেগম। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস তাঁকে প্রথম শ্রেণির বিচারিক হাকিম তামান্না রহমান তানিয়ার আদালতে হাজির করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জবানবন্দিতে মমতা স্বীকার করেন, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি পাথরের শিল দিয়ে মামুনের শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করেন। তাঁর দাবি, বিয়ের পর থেকেই মামুন তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এর প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতেন। এমনকি তাঁদের শিশুসন্তানদেরও হত্যার হুমকি দিতেন বলে অভিযোগ করেন তিনি।

গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মামুনের পরিবারের অভিযোগ, ঘটনার দিন খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়লে মমতা পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।

গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁর মৃত্যু হয়।

মামুন ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। তাঁর স্ত্রী মমতা উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ওসি মো. সোহেল রানা জানান, এ ঘটনায় মামুনের মা তাসলিমা বেগম বাদী হয়ে গত শুক্রবার (২০ নভেম্বর) মমতা বেগমকে আসামি করে থানায় মামলা করেন। ওই দিনই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। মামুনের মৃত্যুর পর মামলার ধারায় পরিবর্তন এনে হত্যা মামলা করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: