মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কে অবস্থিত কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনে এ আগুন লাগে।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।