পটুয়াখালীর দশমিনা উপজেলার ১৭৬ নম্বর উত্তর-পূর্ব মীরমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গোয়ালঘর তৈরি করে গরু পালন এবং বিদ্যালয় প্রাঙ্গণে গোবর ও ময়লা-আবর্জনা ফেলে অপরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির অভিযোগ উঠেছে জমিদাতা পরিবারের সদস্য আবুল কালাম হাওলাদারের বিরুদ্ধে।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার আলীপুর ইউনিয়নের মীরমর্দন গ্রামের ওই বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে নিচতলায় গরু রাখার স্থান এবং গোবরের কারণে অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় প্রাঙ্গণে গরু-ছাগল রাখার পাশাপাশি মাঠেও নিয়মিত গবাদিপশু চরানো হয়। এতে এলাকার শিশু-কিশোরেরা মাঠে ফুটবলসহ কোনো ধরনের খেলাধুলা করতে পারছে না। অন্যদিকে, গোয়ালঘর থেকে ছড়ানো দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. নাজমুন নাহার বলেন, বিষয়টি এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়নি। তবে যাঁরা সেখানে গোয়ালঘর তৈরি করেছেন, তাঁদের সেটি সরিয়ে নিতে বলা হয়েছে। তাঁরা গোয়ালঘরটি সরিয়ে ফেলবেন বলে আশ্বাস দিয়েছেন।
অভিযোগের বিষয়ে আবুল কালাম হাওলাদার বলেন, আবহাওয়া খারাপ থাকায় সাময়িকভাবে বিদ্যালয়ের নিচতলায় গরুগুলো রাখা হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে সেখান থেকে গরুগুলো সরিয়ে নেওয়া হবে।
বিদ্যালয় প্রাঙ্গণকে গবাদিপশু রাখার স্থান থেকে মুক্ত করে শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।