সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

প্রতি বিঘায় এক লাখ থেকে দেড় লাখ টাকার খিরা বিক্রির প্রত্যাশা নিয়ে নাটোরের সিংড়ায় আগাম খিরা চাষ শুরু করেছেন কৃষকেরা।

2026-11-23T12:49:53+00:00
2026-11-23T12:49:53+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ
প্রতি বিঘায় লাখ টাকা বিক্রির স্বপ্ন কৃষকদের
সিংড়া (নাটোর) সংবাদদাতা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম 
সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ
প্রতি বিঘায় এক লাখ থেকে দেড় লাখ টাকার খিরা বিক্রির প্রত্যাশা নিয়ে নাটোরের সিংড়ায় আগাম খিরা চাষ শুরু করেছেন কৃষকেরা। চলনবিলের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন খিরা চাষের প্রস্তুতি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারে ন্যায্যমূল্য পেলে এবারও ভালো লাভের আশা করছেন চাষিরা।

উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে সিংড়া উপজেলায় ১৬৫ হেক্টর জমিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এ ফসল চাষ করে লাভবান হতে পারবেন কৃষকেরা।

উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ, বিয়াশ, ঠেঙ্গাপাকুড়িয়া, গাড়াবাড়ি ও সরিষাবাড়িসহ বেশ কয়েকটি মাঠে আগাম খিরা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তাঁদের আশা, গত কয়েক বছরের মতো এবারও প্রতি বিঘা জমির খিরা এক লাখ থেকে দেড় লাখ টাকায় বিক্রি করতে পারবেন।

সরেজমিনে আয়েশ গ্রামের দক্ষিণ মাঠে গিয়ে দেখা যায়, খিরা চাষের কর্মযজ্ঞে ব্যস্ত কৃষকেরা। কেউ জমিতে খিরার চারা রোপণ করছেন, কেউ আবার রোপণের পর চারাগুলো টুপি দিয়ে ঢেকে দিচ্ছেন। কেউ কেউ টুপি সরিয়ে গাছের পরিচর্যা করছেন।

এ সময় কথা হয় কৃষক মোজাম্মেল হকের সঙ্গে। তাঁর বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দিঘড়ীয়া গ্রামে। প্রায় ২০ বছর ধরে খিরা চাষ করছেন তিনি। এ বছর সিংড়ার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে এক বিঘা জমি লিজ নিয়ে খিরা চাষ শুরু করেছেন।

মোজাম্মেল হক জানান, প্রতি বিঘা জমির লিজ বাবদ তাঁকে দিতে হয়েছে ২৫ হাজার ৫০০ টাকা। হালচাষ, সেচ, ওষুধ ও শ্রমিকসহ অন্যান্য খরচ হবে আরও প্রায় ২৫ হাজার টাকা। সব মিলিয়ে উৎপাদন খরচ দাঁড়াবে প্রায় ৫০ হাজার ৫০০ টাকা। এ জমি থেকে এক লাখ টাকার খিরা বিক্রির আশা করছেন তিনি। সে হিসাবে খরচ বাদে প্রায় ৫০ হাজার টাকা লাভ হতে পারে।

তিনি আরও জানান, একই জমিতে টানা দুই থেকে তিন বছর খিরা চাষ করলে জমির উর্বরতা কমে যায়। তাই ভালো ফলনের আশায় নতুন জমির সন্ধানে এবার সিংড়ায় এসেছেন তিনি। তাঁর গ্রামের মতো শতাধিক কৃষকও এ এলাকায় এসে খিরা চাষ করছেন।

ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের কৃষক রফিজ উদ্দিন জানান, গত বছর দুই বিঘা জমি লিজ নিয়ে খিরা চাষ করেছিলেন তিনি। সব খরচ বাদ দিয়ে তাঁর আয় হয়েছিল প্রায় এক লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ প্রতি বিঘায় লাভ হয়েছিল প্রায় ৭৫ হাজার টাকা। এবারও দুই বিঘা জমিতে খিরা চাষ করেছেন তিনি। গত বছরের মতো এবারও ভালো লাভের প্রত্যাশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান বলেন, ‘চলতি মৌসুমে সিংড়া উপজেলায় ১৬৫ হেক্টর জমিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের খিরা চাষে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাইয়ের আক্রমণ কম হলে ভালো ফলন পাওয়া সম্ভব। তবে উৎপাদনের পাশাপাশি কৃষকেরা যাতে ন্যায্যমূল্য পান, সেটিও গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে সার, সেচ ও বালাই ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে খিরা চাষে ভালো লাভ করা সম্ভব।’


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: