পরিবেশদূষণ রোধ ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ফেনীতে অভিযান চালিয়ে দুই দোকানিকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান দুটি থেকে ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
সোমবার দুপুরে ফেনী শহরের বড়বাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।
অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির অভিযোগে ফাতেমা পেপার হাউজ থেকে ৪০ কেজি এবং বড়বাজারের নামবিহীন একটি দোকান থেকে ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় ফাতেমা পেপার হাউজকে ২ হাজার টাকা এবং নামবিহীন দোকানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাওন শওকত প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ, কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত জানান, পরিবেশ সুরক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে ফেনী জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।