দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চার লেনে উন্নীত হতে যাচ্ছে সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি অংশ। ৬১৮ কোটি টাকা ব্যয়ে লাখাই উপজেলার বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ ১৮ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা আড়াইটায় দোয়া মাহফিলের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ।
এ উপলক্ষে গতকাল রোববার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাব্বির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার তারেক মাহমুদ।
সড়ক নির্মাণ প্রকল্পের বিস্তারিত তথ্য ও পরিকল্পনা তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার। এ ছাড়া বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফসহ অনেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে মোট ৬১৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সড়ক নির্মাণে ৩৯৬ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ২১৯ কোটি ১৪ লাখ টাকা এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন স্থানান্তরে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় হবে। চারটি পৃথক প্যাকেজে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করা হবে।
এর আগে সড়কটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় তা বাস্তবায়িত হয়নি। টেন্ডার আহ্বান ও ঠিকাদার নির্বাচন করা হলেও একপর্যায়ে প্রকল্পটি বাতিল হয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন অনিশ্চয়তার মধ্যে ছিল। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সড়কটি দ্রুত উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন।
প্রকল্পটি বাস্তবায়নে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ ভূমিকা রেখেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিএনপি সরকার গঠনের পর গত ১২ এপ্রিল তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে ডিও লেটার দেন। এতে সড়কটির গুরুত্ব এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় এর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
ডিও লেটারে উল্লেখ করা হয়, সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ঢাকা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ। এ সড়ক ব্যবহার করলে হবিগঞ্জসহ বৃহত্তর এলাকার মানুষের যাতায়াতের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার কমে আসে। বর্তমানে সড়কটির প্রস্থ মাত্র সাড়ে ৫ মিটার হওয়ায় যানবাহনের চাপ সামাল দিতে সমস্যা হচ্ছে। সড়কটি ১০ দশমিক ৩০ মিটার প্রশস্ত করে উন্নয়ন করা হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষি ও মৎস্য খাতের বিকাশ এবং শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।
ডিও লেটারে আরও উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হবিগঞ্জ সফরকালে বিএনপি সরকার গঠন করলে সড়কটি সম্প্রসারণের ঘোষণা দিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জি কে গউছ ওই প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পটি বাস্তবায়নে জি কে গউছ সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখেন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির বিষয়টি তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি চার লেনে উন্নীত হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে হবিগঞ্জের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। সহজ হবে যাতায়াত, বাড়বে ব্যবসা-বাণিজ্যের প্রসার। পাশাপাশি কৃষি, মৎস্য ও শিল্প খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সড়কটি।
দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হলে হবিগঞ্জের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।