পটুয়াখালীর দশমিনা উপজেলায় বসতঘরে হামলা চালিয়ে ঘরের বিভিন্ন অংশ ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং বাড়ির সামনে থাকা আম, বড়ইসহ বিভিন্ন ফলজ ও সবজি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় সজীব হাওলাদার ও রাজিব হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
গতকাল রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মীরমর্দন গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. মনির হোসেন অভিযোগ করে বলেন, সামান্য ভুল-বোঝাবুঝির জেরে রাজিব হাওলাদার ও সজীব হাওলাদারসহ চারজন তাঁর বাড়িতে এসে হামলা চালান। এ সময় তাঁকে হেনস্তা করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে বসতঘরে কোপানো হয়। একই সঙ্গে ঘরের সামনে থাকা আম, বড়ইসহ বিভিন্ন ফলজ গাছ ও সবজি গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বিচার চেয়েও প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সাব্বির আহমেদসহ কয়েকজন অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় আগেও বিভিন্ন ধরনের অনিয়ম, চুরি ও মানুষের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ রয়েছে। তাঁদের ভয়ে অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করতে বা সাক্ষ্য দিতে সাহস পান না বলেও দাবি করেন তাঁরা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।
তবে অভিযোগ অস্বীকার করে সজীব হাওলাদার বলেন, তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাঁর বড় ভাই রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মনির হোসেন এ অভিযোগ করেছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’