রোহিঙ্গা গণহত্যা মামলার রায় গাজা ইস্যুতে নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সরকারের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা

2026-11-20T16:12:40+00:00
2026-11-20T16:12:40+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় গাজা ইস্যুতে নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:১২ পিএম 
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় গাজা ইস্যুতে নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সরকারের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। পত্রিকাটির বিশ্লেষণে বলা হয়েছে, গণহত্যার অভিযোগ প্রমাণে পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের গুরুত্ব তুলে ধরেছে মিয়ানমার-সংক্রান্ত মামলার রায়। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে চলমান মামলাতেও এর প্রভাব পড়তে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ বলেছে, গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে একক কোনো অকাট্য প্রমাণ বা ‘স্মোকিং গান’ অপরিহার্য নয়—আদালতের পর্যবেক্ষণে বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে প্রতিটি মামলার বিচারই সংশ্লিষ্ট ঘটনা ও প্রমাণের ভিত্তিতে আলাদাভাবে করতে হবে। এক দেশের মামলার সিদ্ধান্ত অন্য দেশের ক্ষেত্রে সরাসরি প্রয়োগের সুযোগ নেই।

গণহত্যার অপরাধ প্রমাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরাধ সংঘটনের বিশেষ উদ্দেশ্য প্রতিষ্ঠা করা। অর্থাৎ কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার পরিকল্পিত অভিপ্রায় ছিল কি না, তা প্রমাণ করতে হয়। ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ কিংবা জাতিগত নিধনের মতো অপরাধ ঘটলেও এই বিশেষ উদ্দেশ্য প্রতিষ্ঠিত না হলে সেগুলোকে আইনি অর্থে গণহত্যা বলা যায় না।

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করে আসছেন, গণহত্যার অভিপ্রায় প্রমাণ করা অত্যন্ত কঠিন। এ জন্য নাৎসি জার্মানির ‘ফাইনাল সলিউশন’-এর মতো লিখিত নির্দেশনা বা সরাসরি প্রমাণ প্রয়োজন হতে পারে বলেও ধারণা ছিল। তবে দ্য টেলিগ্রাফ-এর বিশ্লেষণ অনুযায়ী, মিয়ানমার-সংক্রান্ত মামলায় আদালত পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেও এমন অভিপ্রায় নির্ধারণের গুরুত্ব তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান শুরু হওয়ার পর ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, গ্রাম ধ্বংস এবং বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। সাত লাখের বেশি রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। মিয়ানমার সরকার ও সেনাবাহিনী এসব অভিযানকে বিদ্রোহ দমনের পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করলেও বিশ্লেষণে বলা হয়েছে, ঘটনাগুলোর সামগ্রিক চিত্রকে শুধু নিরাপত্তা অভিযান দিয়ে ব্যাখ্যা করা কঠিন।

প্রতিবেদনে বিচারক ইউজি ইয়াসিসাওয়ার বক্তব্যের বরাত দিয়ে বলা হয়েছে, একক কোনো অকাট্য প্রমাণের পরিবর্তে বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের সমন্বয়ে আদালত সিদ্ধান্তে পৌঁছেছে। এর মধ্যে ছিল দীর্ঘদিনের বৈষম্য, বিদ্বেষমূলক বক্তব্য, হত্যা, ধর্ষণ, শিশুদের ওপর হামলা, গ্রাম ধ্বংস এবং বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি।

আইনি বিশ্লেষকদের মতে, এই মামলার তাৎপর্য শুধু গণহত্যার অভিপ্রায় নির্ধারণে পারিপার্শ্বিক প্রমাণের ব্যবহারেই সীমাবদ্ধ নয়। আত্মরক্ষার বা বিদ্রোহ দমনের যুক্তি দেখালেও কোনো অভিযানের সঙ্গে গণহত্যার অভিপ্রায় যুক্ত থাকতে পারে—এ বিষয়টিও আলোচনায় এসেছে।

এ ছাড়া আদালত জাতিসংঘের তদন্তকারী সংস্থাগুলোর সংগৃহীত তথ্য-প্রমাণ বিবেচনায় নিয়েছে। কোনো সংঘাতের সরাসরি পক্ষ নয়, এমন রাষ্ট্রও নির্দিষ্ট পরিস্থিতিতে গণহত্যা কনভেনশনের অধীনে মামলা করতে পারে—এই বিষয়টিও আলোচনায় এসেছে। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার ক্ষেত্রেও বিষয়টি প্রাসঙ্গিক।

যুক্তরাজ্যের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আইন বিভাগের অধ্যাপক নিমার সুলতানি মনে করেন, মিয়ানমার মামলায় তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতের আইনি বিশ্লেষণ গাজা পরিস্থিতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। তাঁর মতে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপকতা বিবেচনায় নিয়ে আদালত একই ধরনের আইনি প্রশ্নের মুখোমুখি হতে পারে।

সুলতানি আরও উল্লেখ করেছেন, মিয়ানমারের সামরিক বাহিনীর অতীত অভিযানগুলোও গণহত্যার অভিপ্রায় নির্ধারণের আলোচনায় বিবেচনায় এসেছে। তাঁর মতে, ২০০০ সাল থেকে গাজায় ইসরায়েলের একাধিক সামরিক অভিযানও এ ধরনের আইনি বিশ্লেষণে প্রাসঙ্গিক হতে পারে।

ইসরায়েলের আত্মরক্ষার যুক্তি নিয়ে বিতর্ক

নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকার সাম্প্রতিক নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তত্ত্বাবধায়ক ভূমিকায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

দ্য টেলিগ্রাফ-এর বিশ্লেষণে ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি গাজা যুদ্ধের প্রথম পর্যায়ে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার ভূমিকার বিষয়টিও আলোচনায় এসেছে। নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকোট ওই সময় নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ছিলেন।

এদিকে ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, আইসিজের রায় গণহত্যার অভিযোগের ক্ষেত্রে প্রমাণের মানদণ্ড নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। এতে ইসরায়েলের আত্মরক্ষার যুক্তি উপস্থাপনের ক্ষেত্রেও আইনি জটিলতা বাড়তে পারে বলে মত প্রকাশ করা হয়েছে।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, কোনো জনগোষ্ঠীর কিছু সদস্য সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তার ভিত্তিতে পরিচালিত সামরিক অভিযান গণহত্যার অভিযোগ থেকে স্বয়ংক্রিয়ভাবে মুক্তি পায় না। অভিযানের উদ্দেশ্য, ধরন ও সামগ্রিক প্রমাণের ভিত্তিতেই এ বিষয়ে আইনি সিদ্ধান্ত নিতে হবে।

সূত্র: দ্য টেলিগ্রাফ


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: