মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন ও মিত্রবাহিনীর সেনাদের নিরাপত্তা জোরদারে দ্রুত ১৭টি সুরক্ষিত কংক্রিট বাংকার নির্মাণের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে থাকা সেনাদের জন্য বর্তমানের অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোকে অনিরাপদ বলে মনে করছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। তাই রূপান্তরিত শিপিং কনটেইনার সরিয়ে সেখানে শক্তিশালী আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম আর্মি টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বর প্রকাশিত এক ক্রয় বিজ্ঞপ্তিতে পশ্চিম এশিয়ার পাঁচটি সামরিক স্থাপনায় মোট ১৭টি বাংকার নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগের উদ্যোগ নেয় মার্কিন সেনাবাহিনী। এর মধ্যে লেবাননে দুটি, সৌদি আরবে পাঁচটি এবং ইসরায়েলে ১০টি বাংকার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রকল্পটির প্রয়োজনীয়তা তুলে ধরে একে ‘চরম অপারেশনাল জরুরি অবস্থা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে সেনারা যেসব অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন, সেখানে তাঁদের নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।
নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানগুলোকে কোন কোন দেশে কাজ করার সক্ষমতা রয়েছে, তা জানাতে বলা হয়েছে। আনুষ্ঠানিক দরপত্র আহ্বানের পর প্রস্তাব জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোকে তিন দিন সময় দেওয়ার কথা রয়েছে। এরপর কার্যাদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে।
পরিকল্পনা অনুযায়ী, বাংকারগুলো হবে আগে থেকে তৈরি কংক্রিটের আশ্রয়কেন্দ্র। এতে থাকবে স্টিলের দরজা। ছাদ ও বাইরের দেয়াল আরও সুরক্ষিত করতে ব্যবহার করা হবে বালির বস্তা। নতুন স্থাপনা নির্মাণের জায়গা তৈরি করতে ঠিকাদারদের বিদ্যমান রূপান্তরিত শিপিং কনটেইনার ও কংক্রিটের প্রতিবন্ধক সরিয়ে ফেলতে হবে।
তবে গত ১৭ নভেম্বর মার্কিন সেনাবাহিনী ফেডারেল কন্ট্রাক্টিং ওয়েবসাইট থেকে এ প্রকল্পের সহায়ক নথিপত্র সরিয়ে নেয়। এ বিষয়ে ইউএস আর্মি সেন্ট্রালের মুখপাত্র কর্নেল অ্যাডাম হলমার্ক বিজনেস ইনসাইডার-কে জানান, প্রশাসনিক কারণে নথিপত্রে পরিবর্তন আনা হয়েছে। তবে সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আগের মতোই রয়েছে।
পুরো পশ্চিম এশিয়ায় সেনাদের ঝুঁকির কথা উল্লেখ করলেও লেবাননে কেন দুটি বাংকার নির্মাণ করা হচ্ছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি মার্কিন সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধে লেবাননে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার কোনো খবর প্রকাশ্যে নিশ্চিত হয়নি।
এদিকে কুয়েতে মার্কিন সেনাদের একটি কমান্ড পোস্টে হামলার ঘটনায় তাঁদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় অবস্থিত ওই পোস্টে ইরানের একটি ড্রোন আঘাত হানে। এতে ছয় মার্কিন সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হন।
হামলা থেকে বেঁচে যাওয়া মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিফেন র্যামসবটম কংগ্রেসে জমা দেওয়া এক হুইসেলব্লোয়ার অভিযোগে দাবি করেছেন, কমান্ড পোস্টের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আগে সতর্ক করা হলেও জ্যেষ্ঠ কর্মকর্তারা তা উপেক্ষা করেছিলেন।
অভিযোগে বলা হয়, ওই পোস্টে কোনো চিকিৎসক বা নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র ছিল না। ছিল মাত্র একটি অ্যাম্বুলেন্স। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, এ অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পেন্টাগনের এক মুখপাত্র।
সূত্র: আল মায়াদিন