মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় মার্কিন সামরিক সরঞ্জাম ও অন্যান্য সম্পদ রাখা ছিল।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি পর্যালোচনা করে সংস্থাটি জানিয়েছে, এ পর্যন্ত এ ধরনের হামলার সংখ্যা ১১৫ ছাড়িয়েছে।
এপির বিশ্লেষণ অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে চালানো হামলার প্রধান লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা। পাশাপাশি যুদ্ধবিমান ও ঘাঁটির বিভিন্ন অবকাঠামোতেও আঘাত হানা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালিয়েছে ইরানি বাহিনী। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, এসব হামলায় ঘাঁটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।
এপির পর্যবেক্ষণে উঠে এসেছে, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবকাঠামো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। হামলার ক্ষেত্রে আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান এবং বিভিন্ন স্থাপনা বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।