ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩০ কোটি (৪৮ দশমিক ৩ বিলিয়ন) ডলার। পেন্টাগনের এক কর্মকর্তা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন কংগ্রেসের শুনানিতে এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত ১ আগস্ট পর্যন্ত যুদ্ধের ব্যয় ৩ হাজার ৮০০ কোটি (৩৮ বিলিয়ন) ডলার বলে হিসাব দিয়েছিল মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও)। পেন্টাগনের সর্বশেষ হিসাব অনুযায়ী, এরপর ব্যয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ।
কংগ্রেসের শুনানিতে পেন্টাগনের কর্মকর্তা আর্থার মিলার জানান, যুদ্ধ পরিচালনায় গোলাবারুদ ব্যবহার, সামরিক সরঞ্জাম প্রতিস্থাপন এবং অভিযান পরিচালনার খরচ মিলিয়ে এ পর্যন্ত ব্যয় হয়েছে ৪৮ দশমিক ৩ বিলিয়ন ডলার।
তবে এই হিসাবের বাইরে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এসব ঘাঁটির কয়েকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাও পেন্টাগনের হিসাবের অন্তর্ভুক্ত নয়।
যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যেও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ইরান। একই সময়ে ইয়েমেনে ইরানের মিত্র হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তেল অবকাঠামো ও জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এর জবাবে ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। অবরোধ কার্যকর রাখতে বিমানবাহী রণতরীসহ বড় নৌবহর মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে ওয়াশিংটন।
সূত্র: ডয়েচে ভেলে ও এপি