পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসে সংঘাতের আগে ভারতের বিমানবাহিনীর (আইএএফ) বহরে ফ্রান্সের তৈরি ৩৬টি রাফাল যুদ্ধবিমান ছিল। বর্তমানে সক্রিয় বহরে রয়েছে ৩২টি। অর্থাৎ আগের হিসাবের তুলনায় চারটি রাফাল কম রয়েছে। ব্রিটিশ বিমানবিষয়ক সাময়িকী ফ্লাইট ইন্টারন্যাশনাল-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটি প্রকাশের পর ভারত-পাকিস্তান সংঘাতের সময় একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে পাকিস্তানের দাবি আবারও আলোচনায় এসেছে। তবে চারটি রাফাল কম থাকার কারণ প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। ফলে এগুলো সংঘাতের সময় ধ্বংস হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর সক্ষমতা ও যুদ্ধবিমানের বহর নিয়ে বার্ষিক তালিকা প্রকাশ করে ফ্লাইট ইন্টারন্যাশনাল। তাদের সর্বশেষ তালিকায় ভারতের সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩২টি উল্লেখ করা হয়েছে।
২০১৬ সালে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। চুক্তিটির মূল্য ছিল প্রায় ৮৮০ কোটি ডলার। এর বাইরে সম্প্রতি আরও ১১৪টি রাফাল কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
সংঘাতের সূত্রপাত
২০২৫ সালের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত শুরু হয়। হামলার পেছনে পাকিস্তানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করে ভারত। তবে এ অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ। ভারতের দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চার দিনের ওই সংঘাতে দুই দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে। এতে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। পালটাপালটি হামলায় দুই দেশের বিমানঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
রাফাল ভূপাতিতের দাবি
সংঘাতের পর পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে ফ্রান্সের তৈরি রাফালও ছিল। অন্যদিকে ভারত কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও ছয়টি বিমান ভূপাতিত হওয়ার দাবি প্রত্যাখ্যান করে।
সে সময় সিএনএনকে দেওয়া বক্তব্যে ফ্রান্সের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেন, পাকিস্তানের হামলায় ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। আধুনিক প্রযুক্তির ফরাসি এই যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়ার ঘটনা ছিল প্রথম। ওই কর্মকর্তা আরও জানান, একটির বেশি রাফাল ধ্বংস হয়েছে কি না, তা খতিয়ে দেখছিল ফরাসি কর্তৃপক্ষ।
চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী দাবি করে, সংঘাতে তারা চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ ও একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ ছাড়া একটি বহুমুখী চালকবিহীন আকাশযান ধ্বংসের দাবিও করে দেশটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছেন। গত ফেব্রুয়ারিতে তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যা ছিল ১০টি। এর আগে তিনি প্রথমে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেন। পরে গত বছরের অক্টোবরে সাতটি এবং নভেম্বরে আটটি বলে উল্লেখ করেন।
তবে সংঘাতে কতটি এবং কোন কোন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, সে বিষয়ে ভারত ও পাকিস্তানের বক্তব্যে এখনো অমিল রয়েছে। ফ্লাইট ইন্টারন্যাশনালের তালিকায় ভারতের সক্রিয় রাফালের সংখ্যা চারটি কম দেখানো হলেও এর সঙ্গে পাকিস্তানের দাবি সরাসরি মেলানোর মতো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।