রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন। রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর চালানো হয়েছে ব্যাপক যৌন সহিংসতা। বৃহস্পতিবার

2026-11-19T16:39:48+00:00
2026-11-19T16:39:48+00:00
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আইসিজে
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম 
রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আইসিজে
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন। রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর চালানো হয়েছে ব্যাপক যৌন সহিংসতা। বৃহস্পতিবার মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে করা মামলার রায় পড়ার শুরুতে এসব তথ্য তুলে ধরেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকেরা।

তবে এসব অপরাধ আন্তর্জাতিক আইনের সংজ্ঞা অনুযায়ী গণহত্যার পর্যায়ে পড়ে কি না, সে বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। নেদারল্যান্ডসের দ্য হেগে বাংলাদেশ সময় বেলা ৩টায় ১৫ বিচারপতির আদালতে রায় পাঠ শুরু হয়। রায় ঘোষণা চলমান রয়েছে।

আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম সহিংসতার অভিযোগেরও প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা বিপুলসংখ্যক রোহিঙ্গার ওপরও হামলা চালানো হয়েছিল।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্যরাষ্ট্রের পক্ষে দেশটি এ মামলা দায়ের করে।

গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। ওই অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে এবং এর দায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের। বেঁচে যাওয়া রোহিঙ্গারা হত্যা, ধর্ষণ ও গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী মিশনও ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ডের উপস্থিতির কথা উল্লেখ করেছিল। অন্যদিকে, আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) ২০১৭ সালের এক জরিপে বলা হয়, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ছিল অন্তত ৭৩০।

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তারা মনে করছেন, আদালতের সিদ্ধান্ত ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একসময় নিজ দেশে ফেরার পথ সুগম করবে।

রোহিঙ্গা সংকট থেকে আইসিজের রায়: গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ

২৫ আগস্ট ২০১৭: আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়।

আগস্ট ২০১৭: মিয়ানমারের সেনাবাহিনী ও আরসার সংঘর্ষের মধ্যে হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

২ সেপ্টেম্বর ২০১৭: রোহিঙ্গা-অধ্যুষিত এলাকায় ২ হাজার ৬০০টির বেশি ঘরবাড়ি ধ্বংসের তথ্য সামনে আসে।

১১ সেপ্টেম্বর ২০১৭: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার সামরিক অভিযানকে ‘জাতিগত নিধনের পাঠ্যবইয়ের উদাহরণ’ বলে উল্লেখ করেন।

১৯ সেপ্টেম্বর ২০১৭: মিয়ানমারের তৎকালীন নেতা অং সান সু চি মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেন।

১২ ডিসেম্বর ২০১৭: এমএসএফের জরিপে এক মাসে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গা হত্যার তথ্য প্রকাশিত হয়।

১০ জানুয়ারি ২০১৮: রাখাইনের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গাকে হত্যার অভিযোগ স্বীকার করে মিয়ানমার সেনাবাহিনী। পরে এ ঘটনায় সাজাপ্রাপ্ত সাত সেনাসদস্যকে ২০১৯ সালের মে মাসে আগাম মুক্তি দেওয়া হয়।

নভেম্বর ২০১৯: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া।

জানুয়ারি ২০২০: রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইসিজে।

২০২৩-২০২৪: কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ মামলার বিচারপ্রক্রিয়ায় নিজেদের অবস্থান তুলে ধরতে হস্তক্ষেপের আবেদন করে। আদালত এসব আবেদন গ্রহণ করেন।

জানুয়ারি ২০২৬: মামলাটির ওপর প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।

৩ নভেম্বর ২০২৬: ১৯ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে আইসিজে।

সূত্র: এএফপি, বিবিসি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: