ইরানের সঙ্গে দীর্ঘ আট মাসের সংঘাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক গোলাবারুদের মজুতে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মেয়াদ পেরিয়ে যাওয়া কিছু গোলাবারুদ ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন নৌবাহিনী। দেশটির ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার মার্কিন সিনেটে নিজের নিয়োগ নিশ্চিতকরণ শুনানিতে তিনি এসব কথা বলেন। শুনানিতে ইরানের সঙ্গে যুদ্ধের ব্যয়, অস্ত্রের মজুদ এবং দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকা মার্কিন নৌসেনাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান আইনপ্রণেতারা।
হাং কাও জানান, আগে বছরে প্রায় ১২৫টি টমাহক ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো। বর্তমানে প্রতি মাসে ৬০টির বেশি ক্ষেপণাস্ত্র উৎপাদন হচ্ছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ব্যবহৃত অস্ত্রের উৎপাদনও বাড়ানো হয়েছে।
মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, কিছু অস্ত্রের ক্ষেত্রে নতুন করে কোডিং ও মূল্যায়ন করা হয়েছে। এর ফলে মেয়াদ শেষ হলেও সেগুলো ব্যবহারের উপযোগী হিসেবে বিবেচিত হচ্ছে।
ধরনভেদে প্রতিটি টমাহক ক্ষেপণাস্ত্রের দাম ২০ লাখ থেকে ৪০ লাখ ডলার। কোনো কোনো হিসাবে এর গড় মূল্য প্রায় ৩৫ লাখ ডলার।
শুনানিতে ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিপুল ব্যয়ের বিষয়টি তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ইরানি জাহাজ চলাচলের ওপর নৌ-অবরোধ বজায় রাখতে প্রতিদিন প্রায় ৩ কোটি ২৫ লাখ ডলার খরচ হচ্ছে। এ ছাড়া বাহরাইনে মার্কিন নৌবাহিনীর আঞ্চলিক সদর দপ্তরে ইরানের হামলায় অন্তত ৪০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জবাবে হাং কাও দৈনিক ৩ কোটি ২৫ লাখ ডলার ব্যয়ের তথ্য নিশ্চিত করেন। তবে বাহরাইনে সদর দপ্তরের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব দিতে পারেননি তিনি। তাঁর ভাষ্য, ওই এলাকা মার্কিন বাহিনীর প্রবেশের জন্য নিরাপদ নয়। ফলে সেখানে সরেজমিনে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা সম্ভব হয়নি।
এর আগে গত আগস্টে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ব্যবহার হয়ে গেছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)।
অস্ত্রের মজুতে ঘাটতি নিয়ে মার্কিন আইনপ্রণেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিডের মতে, শুধু ‘অপারেশন এপিক ফিউরি’তে ব্যবহৃত গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ক্ষতি পূরণ করতেই কয়েক বছর লেগে যেতে পারে।
একই ধরনের সতর্কতা দিয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)। সংস্থাটির মতে, অত্যাধুনিক অস্ত্রের মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক বছর সময় লাগতে পারে। উৎপাদন চার গুণ বাড়ানোর লক্ষ্যে চলতি বছরের শুরুতে হোয়াইট হাউস অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিও করেছে।
ইরানি সংবাদমাধ্যম প্রেসটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ শুরুর আগেই দীর্ঘস্থায়ী সংঘাতে অস্ত্রের মজুতে চাপ তৈরি হওয়ার আশঙ্কা জানিয়েছিলেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও।
তথ্যসূত্র: প্রেসটিভি, রয়টার্স