রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। উড়োজাহাজটিতে থাকা যাত্রী ও ক্রুসদস্যদের কেউই বেঁচে নেই।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনা ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল আন্তোনভ এএন-১২ মডেলের। মঙ্গলবার গভীর রাতে এটি দুর্ঘটনায় পড়ে।
কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসকে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনমানবহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দল ও বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি সেবাদানকারী দলও।
প্রাথমিক তথ্যে বলা হচ্ছে, বিমানটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এর ফলে উড়োজাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে এবং সেটি মাটিতে আছড়ে পড়ে। রুশ সংবাদমাধ্যম বাজা সূত্রের বরাতে জানিয়েছে, জ্বালানি লিক, ইঞ্জিনে আগুন এবং হাইড্রোলিক ব্যবস্থা বিকল হয়ে যাওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তু নিচের দিকে পড়ে যেতে এবং পরে বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে উঠতে দেখা যায়। তবে ঘটনাস্থল দূরে হওয়ায় দৃশ্যটি স্পষ্ট নয়।
বিবিসি ও রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে সেটির সঙ্গে ওই এলাকার স্যাটেলাইট চিত্রের মিলও পেয়েছে।
বিধ্বস্ত বিমানটিতে কোনো পণ্য বা সামরিক সরঞ্জাম ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রুশ সামরিক বাহিনীর পরিবহন ব্যবস্থায় আন্তোনভ এএন-১২ সিরিজের বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনা ও অস্ত্র পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানেও এ ধরনের উড়োজাহাজ ব্যবহার করা হয়।