ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। যুদ্ধক্ষেত্রে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা থেকে পিছু হটার পর সামরিক নেতৃত্বে পরিবর্তন এনেছে রিয়াদ। জোটের কমান্ডারের দায়িত্ব থেকে লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে।
সোমবার (১৬ নভেম্বর) সৌদি বাদশাহ সালমানের জারি করা রাজকীয় ফরমানের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফরমান অনুযায়ী, এত দিন সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ডারের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে, সৌদি সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যৌথ বাহিনীর কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে।
দুই পশ্চিমা কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক পরিস্থিতি এবং হুথিদের অগ্রগতির সঙ্গে এই নেতৃত্ব পরিবর্তনের সরাসরি যোগসূত্র রয়েছে।
গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর ইয়েমেনের দীর্ঘদিনের স্থবির গৃহযুদ্ধও আবার তীব্র হয়ে ওঠে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হতে থাকে।
গত অক্টোবর মাসে পাল্টা অভিযানে কয়েকটি এলাকা পুনর্দখল করেছিল সরকারি বাহিনী। তবে রোববার তারা বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালির পরিবর্তে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের প্রতিরক্ষা জোরদারে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
ইয়েমেনের সামরিক সূত্রগুলোর দাবি, হুথি যোদ্ধারা দক্ষিণ উপকূলের খোর ওমাইর এলাকায় অগ্রসর হয়েছে। এলাকাটি এডেন থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে। এ ছাড়া উপকূলীয় আরেক এলাকা কাওয়াহতে সরকারি বাহিনীর অবস্থান থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে পৌঁছেছে তারা।
হুথিদের সামরিক অগ্রগতি ইয়েমেনের গৃহযুদ্ধের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব ফেলছে। সৌদি আরব ও লোহিত সাগরে জাহাজে তাদের হামলা আঞ্চলিক সংঘাতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
এদিকে এডেনের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। শহরের বাসিন্দারা জানিয়েছেন, বিভিন্ন স্থানে সরকারি নিরাপত্তা বাহিনী তল্লাশিচৌকি বাড়িয়েছে। যানবাহন ও সাধারণ মানুষের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকে এডেন ইয়েমেন সরকারের প্রধান ক্ষমতাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
সরকারি কর্মকর্তা আমিন মাহমুদ রয়টার্সকে বলেন, শহরে খাদ্য ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে সরকারি বাহিনীর পিছু হটা এবং এডেনের কাছাকাছি যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।