ওয়াশিংটন ডিসিতে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে ইরান—এমন আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। সম্প্রতি পাওয়া গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ইরান এমন হামলা চালানোর সক্ষমতা রাখে কি না, কিংবা সত্যিই হামলার সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্রগুলোর ভাষ্য, ইরান আপাতত সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপের সুযোগ খোলা রাখছে। এর অর্থ এই নয় যে হামলা আসন্ন। তবে পরিকল্পনায় নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ থাকায় সম্ভাব্য হামলা মোকাবিলায় জরুরি প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকির ওপর নজর রাখছে। তবে দেশের ভেতরে এই মুহূর্তে কোনো বিশ্বাসযোগ্য হামলার হুমকি নেই।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, দেশটির ওপর চলমান সামরিক অভিযান ও কঠোর অর্থনৈতিক অবরোধের জবাবে সংঘাতের পরিধি বাড়ানোর কথা ভাবতে পারে ইরান। তবে যুক্তরাষ্ট্রের ভেতরে হামলা চালানোর মতো লোকবল ও সক্ষমতা দেশটির রয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় লোকজন ইরানের প্রস্তুত আছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। কিন্তু ডার্টি বোমা আসলে কী এবং এটি কতটা বিপজ্জনক?
কী এই ডার্টি বোমা
ডার্টি বোমা কোনো পারমাণবিক অস্ত্র নয়। এটি তৈরি করা হয় প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে। বিস্ফোরণের পর ওই পদার্থ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে সরাসরি বিস্ফোরণের ক্ষয়ক্ষতির পাশাপাশি তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি তৈরি হয়।
বিশেষজ্ঞদের মতে, ডার্টি বোমার বিস্ফোরণে অধিকাংশ প্রাণহানির কারণ হতে পারে প্রচলিত বিস্ফোরক থেকে সৃষ্ট ধ্বংসযজ্ঞ। তবে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়লে আশপাশের বিস্তীর্ণ এলাকা দূষিত হতে পারে। এতে জনস্বাস্থ্যের ঝুঁকি, আতঙ্ক এবং দীর্ঘমেয়াদি পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রয়োজন দেখা দিতে পারে।
মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এ ধরনের হামলা চালাতে ইরানকে প্রশিক্ষিত সদস্য পাঠানোর প্রয়োজন নাও হতে পারে। যুক্তরাষ্ট্রে আগে থেকেই অবস্থান করা কাউকে ব্যবহার করেও হামলা চালানোর চেষ্টা করা সম্ভব।
একটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত রাখার বিষয়ে ইরানের কথাবার্তা মার্কিন গোয়েন্দাদের নজরে এসেছে। তবে এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
অন্যদিকে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন। এক বিবৃতিতে তারা বলেছে, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে অবৈধ মনে করে ইরান। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ইরানের সম্ভাব্য রাসায়নিক অস্ত্র হামলার আশঙ্কাও পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এ বিষয়ে এর আগে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।
মার্কিন কর্মকর্তাদের কয়েকজনের দাবি, এ ধরনের হামলা মোকাবিলায় সেনাদের পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ও প্রশিক্ষণ নেই। এ কারণে ওই অঞ্চলে কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক প্রস্তুতি নেওয়া হচ্ছে।