ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার শহরটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল তাদের যোদ্ধারা। হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের চারপাশে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী।
শহরটির প্রবেশপথ ও আশপাশের এলাকায় পরিখা খনন করা হচ্ছে। পাশাপাশি বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষাপ্রাচীর ও দুর্গসদৃশ অবস্থান তৈরি করছেন সরকারি বাহিনীর সেনারা। তবে হুথিরা আরও এগিয়ে এলে এসব প্রতিরক্ষাব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে সেনাবাহিনীর চারটি এবং সরকারের দুটি সূত্র জানিয়েছে, হুথি যোদ্ধারা লাহজ প্রদেশের দুটি জেলা দখল করেছেন। সেখান থেকে তাঁরা এডেনের দিকে অগ্রসর হচ্ছেন।
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, হুথি যোদ্ধারা বর্তমানে আল-মাদারিবা এলাকার আল-খারাজ ক্যাম্পের কাছে অবস্থান করছেন। এডেন থেকে জায়গাটির দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।
ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে। এ কারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে আসছে। সেখান থেকেই সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।
দেশটির সবচেয়ে জনবহুল এলাকাগুলোর বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। আরও ভূখণ্ড দখলের লক্ষ্যে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে এক যুগের বেশি সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।
এদিকে হুথিদের এডেনমুখী অগ্রযাত্রার মধ্যে সরকারি বাহিনী লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি ও সেখানকার একটি বিমানবন্দর থেকে সেনা সরিয়ে নেয়। পরে ইয়েমেন সরকার জানায়, এডেনের নিরাপত্তা জোরদার করতেই সেনাদের অন্যত্র পুনর্বিন্যাস করা হচ্ছে।
এরপর হুথিদের সামরিক শাখার একটি সূত্র এএফপিকে জানায়, সরকারি বাহিনী যেসব এলাকা ছেড়ে গেছে, সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে হুথি যোদ্ধারা।