ছট পূজার প্রসাদ হিসেবে রাখা খাবার আগেভাগে খেয়ে ফেলেছিল চার বছরের শিশু সুহানি কুমারী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তার মা রীনা কুমারীর বিরুদ্ধে। পরে হাসপাতালে নেওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের সমস্তিপুর জেলায়। নিহত সুহানি ওই এলাকার বাসিন্দা রাজু পাসোয়ানের মেয়ে।
শিশুটির বাবা রাজু পাসোয়ানের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা ছট পূজার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। অন্যরা পূজার আয়োজন করতে পাশের একটি ঘাটে গেলে বাড়িতে প্রসাদ তৈরির কাজ করছিলেন রীনা। এ সময় সুহানি প্রসাদের জন্য রাখা একটি খাবার হাতে নেয় এবং খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েকে মারধর করেন রীনা।
মারধরের পর সুহানির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান মা। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পুলিশকে দেওয়া বক্তব্যে রাজু জানান, মেয়েকে হারিয়ে পুরো পরিবার শোকে ভেঙে পড়েছে। মেয়ের মৃত্যুর পর তাঁর কাছে ছট পূজার আর কোনো অর্থ নেই। অভিযুক্ত স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি জানিয়েছেন, বাকি সন্তানদের একাই বড় করবেন।
রাজু ও রীনা দম্পতির তিন সন্তান। তাদের মধ্যে সাত বছর বয়সী শিবানী, চার বছর বয়সী সুহানি এবং দেড় বছর বয়সী রাজা। সুহানির মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকেশ কুমার জানান, চার বছর বয়সী শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। অভিযুক্ত মাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলছে।