যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় ওয়াশিংটনকে পাল্টা কঠোর বার্তা দিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রথম হামলার অপেক্ষায় থাকবে না তাঁর দেশ। বরং হামলার আশঙ্কা দেখা দিলে আগেই সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করবে ইরান।
রোববার রাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থানের কথা জানান ঘারিবাবাদি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগে আঘাত হানবে, এরপর ইরান জবাব দেবে—এমন কৌশলে এগোবে না তেহরান।
ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রীর আশঙ্কা, কূটনৈতিক আলোচনার নামে সময়ক্ষেপণ করতে পারে ওয়াশিংটন। আলোচনার আড়ালে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতিও নেওয়া হতে পারে বলে সতর্ক করেন তিনি।
ঘারিবাবাদি আরও জানান, ইরানের নির্ধারিত শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসানের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অসৎ মনোভাবের অভিযোগ তুলে ইরানের এই কর্মকর্তা বলেন, গত দেড় বছরে অন্তত তিনবার ওয়াশিংটন এমন আচরণের পরিচয় দিয়েছে।
এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ায় দুই দেশের মধ্যে আগে থেকেই টানাপোড়েনপূর্ণ কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের স্ট্রাইক গ্রুপ। এর ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন বিমানবাহী রণতরীর সংখ্যা আরও বেড়েছে।