ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে তাঁকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। তাঁর অভিযোগ, নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইয়াশার পার্টির নেতা আইজেনকোট। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন সরকার গঠনের দায়িত্বে থাকা আইজেনকোটের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগে জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়।
এক্সে আইজেনকোট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁর ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলি গণতন্ত্রের জন্য বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি।’
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর রোববারের এক প্রতিবেদনে নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের ঠিক আগে ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন।
প্রতিবেদন অনুযায়ী, পুলিশের কমিশনারের দপ্তরে অভিযোগ জমা দেওয়ার সময় নর্ডেন কর্মকর্তাদের এমন এক কথিত গোয়েন্দা তথ্যদাতার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন, যিনি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন।
চ্যানেল ১২-এর দাবি, ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রা’আম পার্টির তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোটারদের প্রভাবিত করতে ঘুষ দেওয়ার সন্দেহে তাঁদের গ্রেপ্তারও করা হয়।
নির্বাচনের দিন নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন। ওই নির্বাচনে দলগুলো রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর প্রমাণ ছাড়াই তাদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন তিনি। তবে পরে কথিত গোয়েন্দা তথ্যের সত্যতা মেলেনি। ফলে গ্রেপ্তার হওয়া তিনজনকে ছেড়ে দেয় পুলিশ।
চ্যানেল ১২ আরও জানায়, নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি পাঁচ নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার উদ্যোগ নিয়েছিলেন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি। এ জন্য তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের অনুমতি চাইলেও তা প্রত্যাখ্যান করা হয়।
এসব অভিযোগের দ্রুত তদন্ত দাবি করেছেন আইজেনকোট। তিনি বলেন, ‘আমি অবিলম্বে এ ঘটনার তদন্ত দাবি করছি। একই সঙ্গে পুলিশ ও শিন বেতের প্রতি আহ্বান জানাচ্ছি, প্রকাশিত তথ্যের বিস্তারিত বিষয়গুলো যেন দ্রুত স্পষ্ট করা হয়।’
তবে আইজেনকোটের বক্তব্যকে উসকানিমূলক ও আপত্তিকর বলে নিন্দা জানিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।
এর আগে শুক্রবারও নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন আইজেনকোট। তাঁর দাবি ছিল, ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে নির্বাচনের সময় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে বর্ণবাদী ও সহিংস প্রচারণায় উসকানি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল।