বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও সংক্ষিপ্ত করতে ভিসার ধরন ও উপশ্রেণি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টি করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ সংশোধিত শ্রেণিবিন্যাস অনুযায়ী ভিসা দেওয়া শুরু হবে।
গত বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ আগস্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার শ্রেণি পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসার প্রধান শ্রেণি ২২টি থেকে কমিয়ে ১৩টি এবং উপশ্রেণি ৬৩টি থেকে ৪৯টিতে নামানো হয়েছিল। এবার দ্বিতীয় দফায় আরও কিছু শ্রেণি ও উপশ্রেণি একীভূত করা হলো।
নতুন নিয়ম কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার প্রয়োজনীয় হালনাগাদ করছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন শ্রেণিবিন্যাস অনুযায়ী ভিসা দেওয়া শুরু হওয়ার কথা রয়েছে।
ভারত সরকারের ভাষ্য, উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মান পর্যালোচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একটি শ্রেণির আওতায় আনার মাধ্যমে ভিসার ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া এবং বিদেশি নাগরিকদের জন্য উপযুক্ত ভিসা নির্বাচন সহজ করাই এর লক্ষ্য।
বর্তমানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার আওতায় ১৩টি উপশ্রেণিতে ই-ভিসা দেওয়া হয়। বিশ্বের ১৭২টি দেশের নাগরিকেরা এ সুবিধা পেয়ে থাকেন।
নতুন ব্যবস্থায় ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। শুধু পর্যটন নয়, অন্যান্য উদ্দেশ্যে ভ্রমণের বিষয়টিও বিবেচনায় নিয়ে এ পরিবর্তন আনা হয়েছে। ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। এতে ভ্রমণের উদ্দেশ্য ও সময়কাল অনুযায়ী আবেদনকারীরা উপযুক্ত ভিসা বেছে নিতে পারবেন।
চিকিৎসার জন্য ভিসার ক্ষেত্রেও থাকছে আলাদা ব্যবস্থা। প্রচলিত চিকিৎসাপদ্ধতি এবং আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য পৃথক উপশ্রেণি রাখা হয়েছে। আয়ুষের বাইরে অন্যান্য চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। এসব ভিসা ও এর ই-ভিসা সংস্করণ সাধারণত এক বছরের জন্য দেওয়া হবে। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
শিক্ষার্থী ভিসার উপশ্রেণি কমিয়ে করা হয়েছে দুটি। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
অন্যদিকে এস-২ ভিসার আওতায় থাকবেন পিএইচডি ও গবেষণারত শিক্ষার্থী, ভারতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত অতিথি শিক্ষক, গবেষণার কাজে ভারতে আসা বিদেশি শিক্ষার্থী, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক গবেষণা অভিযানে অংশগ্রহণকারী, ইন্টার্ন এবং বিনিময় কর্মসূচির শিক্ষার্থীরা।
ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও দুটি উপশ্রেণি নির্ধারণ করা হয়েছে। বি-১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ও লাইসেন্সভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
অন্যদিকে বি-২ ভিসা দেওয়া হবে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য। এর আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।