আন্তর্জাতিক বিচার আদালতের রায় বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর অভিযান গণহত্যা ছিল কি না, সেই প্রশ্নে বৃহস্পতিবার রায় দিতে

2026-11-18T11:00:34+00:00
2026-11-18T11:00:34+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রোহিঙ্গা গণহত্যা
আন্তর্জাতিক বিচার আদালতের রায় বৃহস্পতিবার
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম 
আন্তর্জাতিক বিচার আদালতের রায় বৃহস্পতিবার
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর অভিযান গণহত্যা ছিল কি না, সেই প্রশ্নে বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায়কে ঘিরে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ন্যায়বিচার ও নিরাপদে নিজ দেশে ফেরার প্রত্যাশা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে বহুল আলোচিত এই মামলা। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে এক দশকেরও বেশি সময় পর কোনো সুনির্দিষ্ট মামলায় রায় দিতে যাচ্ছে আইসিজে।

২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে হত্যা, ধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। ওই সময় সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁদের মধ্যে ছিলেন হাসিনা খাতুনও। ইন দিন গণহত্যাকাণ্ডে স্বামী ও ভাইকে হারানো ৩৪ বছর বয়সী এই নারী এখন কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাস করছেন।

সেই ভয়াবহ দিনের স্মৃতি তুলে ধরে হাসিনা বলেন, সেনাবাহিনী তাঁর স্বামী ও গ্রামের অন্য পুরুষদের ধরে নিয়ে গিয়েছিল। নিজের চোখেই তিনি ঘটনাটি দেখেছেন। স্বামীকে হারানোর পর সন্তানদের নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন তিনি। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। ক্ষুধার্ত সন্তানদের নিয়ে কোনো রকমে জীবন বাঁচিয়ে বাংলাদেশে পৌঁছান।

বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরে বাঁশ ও প্লাস্টিকের ত্রিপল দিয়ে তৈরি ছোট ঘরে তিন ছেলেকে নিয়ে থাকেন হাসিনা। তাঁর সন্তানদের বয়স ১৪, ১২ ও ৯ বছর। সেখানে প্রায় ১২ লাখ রোহিঙ্গার সঙ্গে তাঁরও দিন কাটছে অনিশ্চয়তায়।

হাসিনা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা এই রায়ের অপেক্ষায় আছেন। তাঁদের প্রত্যাশা, রায়টি ন্যায়বিচারের পথ খুলে দেবে এবং নিজ দেশে ফেরার সুযোগ তৈরি করবে। তবে শুধু প্রত্যাবাসন নয়, মর্যাদা, নিরাপত্তা, নাগরিকত্ব ও পূর্ণ অধিকার নিয়েই মিয়ানমারে ফিরতে চান তাঁরা।

এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে যোগাযোগ করা হলেও মিয়ানমারের সেনা-সমর্থিত সরকার কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গণহত্যার অভিপ্রায় নিয়ে আইনি বিতর্ক

এই মামলার রায় শুধু মিয়ানমার নয়, বিশ্বের অন্যান্য গণহত্যার অভিযোগসংক্রান্ত বিচারিক প্রক্রিয়াতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। বিশেষ করে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলার ক্ষেত্রেও আইসিজের পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে গাজায় গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।

২০১৯ সালে আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে এবং এর দায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে নিতে হবে।

অন্যদিকে, মিয়ানমার গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, সেনাবাহিনী সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছিল।

জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের তদন্তে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ‘গণহত্যায় রূপ নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের’ কথা উল্লেখ করেছিল। তবে আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করা কঠিন। কারণ, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল—এটি প্রমাণ করতে হয়।

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক আইনের অধ্যাপক মেলানি ও’ব্রায়েনের মতে, মিয়ানমার ও ইসরায়েলের বিরুদ্ধে চলা মামলার মধ্যে কিছু মিল রয়েছে। উভয় ক্ষেত্রেই সামরিক অভিযানকে সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব হিসেবে তুলে ধরার যুক্তি এসেছে।

আইন বিশেষজ্ঞরা বিশেষভাবে পর্যবেক্ষণ করছেন, জাতিসংঘের তদন্তে পাওয়া তথ্য আদালত কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। গণহত্যার অভিপ্রায় নির্ধারণে শুধু হত্যাকাণ্ড নয়, নারী ও শিশুদের ওপর সংঘটিত অপরাধও বিচারকেরা কীভাবে মূল্যায়ন করেন, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এশিয়া জাস্টিস কোয়ালিশনের প্রধান ও আন্তর্জাতিক আইনজীবী প্রিয়া পিল্লাই বলেছেন, এই মামলার রায় অন্যান্য গণহত্যার মামলাকেও প্রভাবিত করবে।

হলোকাস্টের পর আন্তর্জাতিক পর্যায়ে গণহত্যা হিসেবে স্বীকৃতি পাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যা, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় গণহত্যা এবং ১৯৭০-এর দশকের শেষ দিকে কম্বোডিয়ায় খেমার রুজের অপরাধ।

গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিচার করে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা। আইসিসি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো অপরাধে ব্যক্তির দায় নির্ধারণ করে। আইসিজের রায় চূড়ান্ত।

সূত্র: রয়টার্স


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: