বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কা এবং ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ২

2026-11-18T16:39:26+00:00
2026-11-18T16:39:26+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম 
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কা এবং ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ২ শতাংশের বেশি। বুধবার (১৮ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে মূল্যবান এই ধাতুর দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

বাংলাদেশ সময় বিকেল ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম নেমে আসে ৩ হাজার ৭৫৭ ডলারে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল সর্বনিম্ন দর। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মেয়াদে স্বর্ণের ফিউচার দর ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে দাঁড়ায়।

সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসার মতে, ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী কয়েক মাসে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি অনুসরণের সম্ভাবনা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের বিনিময় হার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। এতে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রায় লেনদেনকারী ক্রেতাদের জন্য তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে।

মঙ্গলবার ফেডারেল রিজার্ভের দুই কর্মকর্তার বক্তব্যেও সুদের হার বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, মূল্যস্ফীতির চাপ সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংককে আবারও সুদের হার বাড়াতে হতে পারে। সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেমের ধারণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আগামী বসন্তের মধ্যে আরও কয়েক দফা সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে।

বাজার বিশ্লেষকদের হিসাবে, আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৭ দশমিক ৮ শতাংশ। আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা মাত্র ২ দশমিক ২ শতাংশ।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের সুযোগ ব্যয় বেড়ে যায়। এতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে এবং দামেও নিম্নমুখী চাপ তৈরি হয়।

এদিকে ফেডারেল রিজার্ভের ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। বুধবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টায় নথিটি প্রকাশের কথা রয়েছে।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে আগের বৈঠকে কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে আরও ধারণা পাওয়া যেতে পারে। পাশাপাশি ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত আরও তিন দফা সুদের হার বাড়তে পারে—বাজারে এমন প্রত্যাশার প্রতিফলনও এতে থাকতে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্টে নেমেছে। লেনদেনের একপর্যায়ে ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন দর স্পর্শ করে ধাতুটি।

অন্যদিকে, বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদ বুধবার জানিয়েছে, বার ও কয়েনের চাহিদা বৃদ্ধি এবং প্লাটিনামভিত্তিক বিনিময়-বাণিজ্য তহবিল থেকে অর্থ প্রত্যাহার কমে যাওয়ায় আগামী বছর বিশ্ববাজারে প্লাটিনামের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।

তবে এদিন প্লাটিনামের দামও ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ দিকের পর সর্বনিম্ন পর্যায়ে নামে ধাতুটির দাম। চলতি বছর এখন পর্যন্ত প্লাটিনামের দাম কমেছে ৩০ শতাংশ। এ ছাড়া প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৯৪৪ ডলার ৭৫ সেন্টে দাঁড়িয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: