ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ভূখণ্ডের একটি অংশ দখল করে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন সাংবাদিক ও পডকাস্টার টাকার কার্লসন। তাঁর অভিযোগ, যুদ্ধ পরিস্থিতির এমন গুরুত্বপূর্ণ তথ্য মার্কিন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে না। তবে কার্লসনের এ দাবির পক্ষে স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং সৌদি আরব বা হুথিদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
গত সোমবার প্রকাশিত এক পডকাস্টে ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্টের সঙ্গে আলোচনায় এ দাবি করেন কার্লসন। তাঁর ভাষ্য, হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে। সৌদি ভূখণ্ডের একটি অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি মার্কিন গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
সৌদি ভূখণ্ডে বর্তমানে হুথি যোদ্ধাদের উপস্থিতি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে কার্লসন বলেন, ‘হ্যাঁ, রয়েছে।’ তবে সৌদি আরবের ঠিক কোন অঞ্চল হুথিদের দখলে রয়েছে কিংবা এ তথ্যের উৎস কী, তা তিনি উল্লেখ করেননি।
কার্লসনের বক্তব্যের আগে গত ২ নভেম্বর প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছিল, গত অক্টোবরে হুথিরা সৌদি আরবের সামরিক অবস্থান লক্ষ্য করে আন্তসীমান্ত অভিযান চালিয়েছে। পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে অবশ্য সৌদি ভূখণ্ডের কোনো অংশ হুথিদের দখলে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে অবস্থিত আসির, জিজান ও নাজরান প্রদেশের ওপর ঐতিহাসিক দাবি রয়েছে হুথিদের। ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে ইয়েমেন এসব অঞ্চল সৌদি আরবের কাছে ছেড়ে দিয়েছিল।
কার্লসনের ধারণা, ইরান ছাড়াও অন্য কোনো শক্তি হুথিদের সহায়তা করতে পারে। তবে এ ক্ষেত্রে তিনি নির্দিষ্ট কোনো দেশ বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি।
অন্যদিকে, অক্টোবরে প্রকাশিত ড্রপসাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত ইয়েমেনের কয়েকটি গোষ্ঠী গোপনে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের অভিযানে সহায়তা করছে।