যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার মধ্যেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। চীনের শেনঝেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে রাতভর দুই দেশ পরস্পরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ কের্চ সেতু, ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও বন্দর অবকাঠামো।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার কারণে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী কের্চ সেতুতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
প্রায় ৩৭০ কোটি ডলার ব্যয়ে নির্মিত সেতুটি চলতি সপ্তাহে ইউক্রেনের একাধিক হামলার লক্ষ্য হয়েছে। এতে সেতুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব হামলাকে ইউক্রেনের অবকাঠামোয় রাশিয়ার আক্রমণের জবাবে চালানো ‘নজিরবিহীন অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন।
অন্যদিকে, রাশিয়ার দাবি, রাতের হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা, বন্দর অবকাঠামো ও জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ওডেসার দুটি বিদ্যুৎ উপকেন্দ্র, চোরনোমোরস্কের একটি জ্বালানি সংরক্ষণাগার এবং ওডেসা বন্দরে পণ্য পরিবহনে নিয়োজিত একটি মালবাহী জাহাজে আঘাত হানা হয়েছে। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলার দাবি করেছে মস্কো।
এদিকে, চীনে ট্রাম্প-পুতিন বৈঠকে ইউক্রেন যুদ্ধই ছিল প্রধান আলোচ্য বিষয়। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। উশাকভের মতে, বৈঠক শেষে পুতিনের মেজাজ ছিল ‘চমৎকার’। বৈঠকের আগে ট্রাম্পও পুতিনের সঙ্গে নিজের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা তুলে ধরে তাঁকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেন।
অন্যদিকে, বৃহস্পতিবার বার্লিনে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের পাশাপাশি মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেলেনস্কির। এর আগে বুধবার তিনি জানান, চীনে ট্রাম্পের উদ্যোগ সম্পর্কে ইউক্রেনের আলোচক দলকে বিস্তারিত জানাবেন মার্কিন কর্মকর্তারা।