ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আগামী বছর পর্যন্ত অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। যুদ্ধের ময়দানে একের পর এক চাপে পড়া এবং সৌদি ভূখণ্ডে হামলার পরও রিয়াদ এ সংঘাত চালিয়ে যেতে চায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত দুই পশ্চিমা কর্মকর্তা ও তৃতীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলোর ভাষ্য, সৌদি কর্মকর্তারা মনে করছেন, সামরিক অভিযান আরও ছয় মাস চলতে পারে। হুতিদের সঙ্গে আলোচনায় বসার আগে ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর মাধ্যমে স্থলভাগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে চায় রিয়াদ। তবে বৃহত্তর ইরান যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হলে ইয়েমেনের সংঘাতও কমে আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুনরায় শুরু হওয়া এই সংঘাত বৃহত্তর ইরান যুদ্ধের সবচেয়ে সক্রিয় রণাঙ্গনে পরিণত হয়েছে। এতে ইয়েমেনে হাজারো মানুষ হতাহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে তেলনির্ভরতার বাইরে অর্থনীতি সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক আয়োজনের কেন্দ্র হয়ে ওঠার সৌদি প্রচেষ্টাও বাধাগ্রস্ত হচ্ছে। পরিস্থিতির প্রভাব স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ তাদের জনসংযোগ কৌশলেও পরিবর্তন আনছে।
পরিকল্পনা সম্পর্কে অবগত তৃতীয় একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনে সৌদি অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা এখনো স্থগিত রয়েছে বলে মনে করে রিয়াদ। এ ধরনের সহায়তা পাওয়া গেলে যুদ্ধের পরিস্থিতি বদলে যেতে পারে। সৌদি-সমর্থিত বাহিনী কয়েক সপ্তাহের মধ্যেই কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারবে বলে তাদের ধারণা। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
২০১৫ সালে হুতিরা রাজধানী সানা ও ইয়েমেনের বড় অংশ দখল করে নেওয়ার পর দেশটির সরকারকে পুনর্বহালের লক্ষ্যে আরব জোটের নেতৃত্ব দিয়ে যুদ্ধে জড়ায় সৌদি আরব। দীর্ঘ সংঘাতের পর ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা চলতি বছরের গ্রীষ্মকাল পর্যন্ত স্থায়ী ছিল।
পরে নতুন করে লড়াই শুরু হলে হুতিরা সৌদি-সমর্থিত বাহিনীর কাছ থেকে লোহিত সাগর উপকূলের বিভিন্ন এলাকা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালী দখল করে নেয়। দক্ষিণাঞ্চলের উপকূলে সরকারের অস্থায়ী রাজধানী এডেনের উত্তরে অবস্থিত পাহাড়ি শহর তাইজও তারা ঘিরে ফেলে। গত মাসে ইয়েমেনের সরকারি বাহিনী পাল্টা অভিযান চালিয়ে প্রণালির আশপাশের কিছু এলাকা পুনর্দখল করলেও এডেনের নিরাপত্তার স্বার্থে গত সপ্তাহান্তে পিছু হটে। এটিকে সরকারি বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এক পশ্চিমা কর্মকর্তার মতে, সৌদি ও ইয়েমেনি বাহিনী বর্তমানে নিজেদের পুনর্গঠনের কাজ করছে। হুতিদের অগ্রযাত্রা ঠেকিয়ে এডেন রক্ষার পাশাপাশি পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে অভিযান জোরদারের পরিকল্পনা রয়েছে তাদের। ওই অঞ্চলে সরকারি বাহিনী কিছুটা অগ্রগতি অর্জন করেছে অথবা নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে।
এ পরিস্থিতিতে সোমবার সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক কমান্ডার পরিবর্তনের ঘোষণা দিয়েছে রিয়াদ। পরিকল্পনা সম্পর্কে অবগত দুই ব্যক্তির দাবি, ইয়েমেন সরকারও সামরিক নেতৃত্বে রদবদল আনতে যাচ্ছে।
যুদ্ধের শুরুতে সৌদি আরব সংঘাতটিকে ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। তাদের বক্তব্য ছিল, রিয়াদ কেবল ইয়েমেনি মিত্রদের সহায়তা করছে এবং সীমান্তপারের হামলা থেকে নিজেদের সুরক্ষা দিচ্ছে। কিন্তু সৌদি শহরগুলোতে ধারাবাহিক হামলার পর সেই অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে গণমাধ্যমের পাশাপাশি মসজিদগুলোতেও যুদ্ধ নিয়ে সরকারি বার্তা আরও স্পষ্ট হচ্ছে।
গত সপ্তাহে হুতিদের এক হামলায় রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সুউচ্চ সদর দপ্তরে বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়। এ ছাড়া অক্টোবর থেকে রিয়াদ বিমানবন্দরে ধারাবাহিক প্রাণঘাতী হামলার কারণে অধিকাংশ ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের মতো গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন বাতিল বা স্থগিত করতে হয়েছে। ২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টও পিছিয়ে আগামী বছরের ডিসেম্বরে নেওয়া হয়েছে।
গত মাস থেকে সৌদি কর্তৃপক্ষ হামলার আগে নিয়মিত সতর্কবার্তা দিচ্ছে এবং হামলার পর দ্রুত বিস্তারিত বিবৃতি প্রকাশ করছে। আগে সীমিত তথ্য প্রকাশের যে নীতি অনুসরণ করা হতো, তার সঙ্গে এ অবস্থানের পার্থক্য রয়েছে। হামলার ক্ষয়ক্ষতির ছবি প্রকাশে আইনি বিধিনিষেধ থাকলেও রিয়াদের ডেপুটি গভর্নর হামলার দুই দিন পর আরামকো টাওয়ার পরিদর্শন করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমেও ক্ষয়ক্ষতির চিত্র দেখানো হয়।
যুদ্ধের বিষয়টি এখন মসজিদের খুতবাতেও উঠে আসছে। সাধারণত দৈনন্দিন জীবন ও সামাজিক সম্পর্কের নানা বিষয় নিয়ে দেওয়া সরকারি নির্দেশনাভিত্তিক খুতবার পরিবর্তে গত সপ্তাহে রিয়াদের একটি বড় মসজিদে পুরো বক্তব্যজুড়েই ছিল হুতিদের সঙ্গে সংঘাত। সেখানে ইমাম সৌদি যোদ্ধাদের বিজয় ও শাহাদাতের কথা বলেন এবং দক্ষিণ সীমান্তে অবস্থানরত সেনাদের নিরাপত্তা ও সাফল্যের জন্য দোয়া করেন।
সূত্র: রয়টার্স