অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে ভক্ত ও অনুরাগীদের আগ্রহের কমতি নেই। তাঁর অতীতের নানা ঘটনা কিংবা সাম্প্রতিক বক্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয়। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি বার্তা ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে ইংরেজিতে একটি বার্তা প্রকাশ করেন প্রভা। পোস্টের সঙ্গে নিজের একটি ছবিও যুক্ত করেন তিনি।
বার্তাটির বাংলা অর্থ দাঁড়ায়, ‘যিনি কোনো ঘটনার গল্প বলেন, বেশির ভাগ সময় তিনিই নিজের পক্ষটি তুলে ধরেন। মানুষের সাধারণ বুদ্ধি থাকলে তাদের বোঝা উচিত, প্রতিটি ঘটনারই দুটি দিক রয়েছে।’
প্রভার পোস্টের বক্তব্য নিয়ে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ছবিতে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন অনেকে। পাশাপাশি কেউ কেউ জানতে চেয়েছেন, কী প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী।
তবে পোস্টে কোনো নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তির প্রসঙ্গ উল্লেখ করেননি প্রভা। অনুসারীদের প্রশ্নেরও কোনো জবাব দেননি তিনি। ফলে তাঁর এই বার্তার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়।