রণবীর কাপুরের সঙ্গে দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তাঁদের সম্পর্ককে অনেকে ‘অসম দাম্পত্য’ হিসেবে অভিহিত করে আলিয়াকে পরিস্থিতির শিকার হিসেবে তুলে ধরেছেন। তবে এমন ধারণাকে অপমানজনক বলে মনে করেন অভিনেত্রী। তাঁর মতে, তাঁদের সম্পর্কের বাস্তবতা বাইরের মানুষের ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা।
২০২২ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আলিয়া ও রণবীর। একই বছরের শেষ দিকে তাঁদের সংসারে জন্ম নেয় কন্যাসন্তান রাহা। সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা ঘিরে এক আলাপচারিতায় নিজেদের দাম্পত্যজীবন নিয়ে চলমান আলোচনা ও জল্পনার বিষয়ে মুখ খোলেন আলিয়া।
অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় নারীদের নিজেদের মন ও হৃদয়ের কথা বুঝতে উৎসাহিত করি। তাই এমন একটি কাল্পনিক পরিস্থিতির শিকার হিসেবে আমাকে দেখানো অপমানজনক।’
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে কেন এমন আলোচনা হয়, সে বিষয়েও নিজের উপলব্ধি তুলে ধরেন তিনি। রণবীরের সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতা জানিয়ে আলিয়া বলেন, ‘যেকোনো সম্পর্কের ভিত্তি হলো কোনো চেষ্টা ছাড়াই যখন মনে হয়, কেউ আপনাকে বুঝতে পারছে। কিছু না বললেও যখন মনে হয়, আপনার কথা শোনা হচ্ছে। আমার কাছে রণবীর তেমনই, আমাদের সম্পর্কের বাস্তবতা অন্য রকম।’
এর আগে ২০২৩ সালের মে মাসে এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তর্কের সময় তাঁর কণ্ঠস্বর উঁচু হয়ে গেলে রণবীর তা পছন্দ করেন না। মন খারাপ থাকলেও আচরণে নম্রতা বজায় রাখা উচিত বলে মনে করেন রণবীর। এ কারণে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।
আলিয়ার সেই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে, স্বামীকে খুশি রাখতে কি নিজের আচরণ সব সময় পরিবর্তন করতে হয় তাঁকে? সাম্প্রতিক মন্তব্যে দাম্পত্য সম্পর্ক নিয়ে বাইরের মানুষের এমন একপাক্ষিক ধারণার বিরুদ্ধেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।