বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই আগ্রহ রয়েছে ভক্তদের। তাঁর সঙ্গে কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, কখনো বলিউডের অভিনেতা, আবার কখনো আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদির নাম জড়িয়েছে। এসব সম্পর্কের কিছু ছিল নিছক গুঞ্জন, আবার কিছু নিয়ে নিজেই কথা বলেছেন অভিনেত্রী।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুস্মিতা সেনের ৫১তম জন্মদিন। এ উপলক্ষে তাঁর ব্যক্তিজীবনের আলোচিত সম্পর্কগুলোর দিকে ফিরে দেখা যাক।
২০১৩ সালে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের সঙ্গে সুস্মিতার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০০৮ সালে একটি নাচের রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করতে গিয়ে দুজনের পরিচয় হয়। তবে বিয়ের খবরটি সরাসরি নাকচ করেন সুস্মিতা। সে সময় তিনি বলেছিলেন, ওয়াসিম তাঁর বন্ধু এবং বন্ধুই থাকবেন। আকরামও এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে চিত্রনাট্যকার বিক্রম ভাটের সঙ্গে সুস্মিতার সম্পর্কের গুঞ্জন ওঠে। পরে অভিনেতা রণদীপ হুদার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ২০০৬ সালে শুরু হওয়া সেই সম্পর্ক টিকে ছিল প্রায় তিন বছর।
এ ছাড়া নির্মাতা মুদাসসর আজিজ এবং মুম্বাইয়ের ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সঙ্গেও সুস্মিতার প্রেমের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
তবে মডেল রেহমান শালের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। ২০২১ সালের ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেরাই বিচ্ছেদের খবর জানান সুস্মিতা। একই সঙ্গে স্পষ্ট করেন, সম্পর্কের ইতি ঘটলেও তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে।
এর কয়েক মাস পর, ২০২২ সালের জুলাইয়ে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সুস্মিতার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে তাঁদের প্রেমের সম্পর্কের কথা জানান। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে সুস্মিতা জানিয়ে দেন, তাঁদের বিয়ে হয়নি; এমনকি বাগদান বা আংটিবদলের ঘটনাও ঘটেনি।
১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া হওয়ার পর একই বছর মিস ইউনিভার্সের মুকুট জিতে আন্তর্জাতিক পরিচিতি পান সুস্মিতা। ‘বিবি নম্বর ওয়ান’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর ‘আরিয়া’ সিরিজের মাধ্যমে পর্দায় ফিরে আবারও প্রশংসা কুড়ান।
২০২৪ সালে রিয়া চক্রবর্তীর পডকাস্ট ‘চ্যাপ্টার ২’-এ নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন সুস্মিতা। সেখানে তিনি জানান, প্রায় তিন বছর ধরে কোনো প্রেমের সম্পর্কে নেই।
প্রেমজীবন নিয়ে নানা আলোচনা থাকলেও ব্যক্তিগত জীবনে মাতৃত্বকে আলাদা গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী। ২০০০ সালে রেনে এবং ২০১০ সালে আলিশাহ নামের দুই কন্যাশিশুকে দত্তক নেন তিনি। জীবনের ৫১ বছরে পা দিলেও এখনো বিয়ে করেননি সুস্মিতা সেন।