বড় পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। টেলিভিশনেও আগে কাজ করেছেন তিনি, তবে এবারই প্রথম কল্পকাহিনিনির্ভর ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন। নব্বইয়ের দশকের স্মৃতিমাখা গল্প তাঁকে টেনে এনেছে ছোট পর্দার এই নতুন অভিজ্ঞতায়।
সনি আটের ধারাবাহিক ‘ডিয়ার ৯০’জ’-এ দেখা যাবে কোয়েলকে। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নতুন কাজ, চরিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ধারাবাহিকটির গল্পই তাঁকে কাজটি করতে আগ্রহী করেছে।
‘ডিয়ার ৯০’জ’-এ উঠে আসবে এমন এক সময়ের গল্প, যখন মানুষের জীবনে ইন্টারনেট ও স্মার্টফোনের প্রভাব ছিল না। পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগের ধরনেও ছিল ভিন্নতা। টেলিভিশনের দর্শক ও অভিনেতাদের মধ্যকার সম্পর্কের গুরুত্ব তুলে ধরে কোয়েল বলেন, অনেক পরিবারে সন্ধ্যায় ধারাবাহিক দেখার অভ্যাস রয়েছে। দর্শকেরা গল্পের চরিত্রগুলোর সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েন এবং অভিনেতাদের পরিবারের সদস্যের মতো আপন করে নেন।
ধারাবাহিকটিতে অপরাজিতা নামের এক লেখিকার ভূমিকায় অভিনয় করবেন কোয়েল। তাঁর লেখা ‘ডিয়ার ৯০’জ’ বইটি বেস্টসেলার। গল্পের শুরুতে নিজের স্কুলে ফিরে অতীতের স্মৃতিচারণ করতে চান অপরাজিতা। তাঁর ব্যক্তিগত স্মৃতির সূত্র ধরেই দর্শকের সামনে খুলে যাবে নব্বইয়ের দশকে বেড়ে ওঠার নানা গল্প।
চরিত্রটি নিয়ে কোয়েলের আগ্রহের জায়গা হলো, অপরাজিতার ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে একটি সময়ের বৃহত্তর চিত্র ফুটে উঠবে। তবে ধারাবাহিকের প্রতিটি পর্বে তাঁকে দেখা যাবে না। গল্পে অপরাজিতার শৈশবের ঘটনাগুলো ফ্ল্যাশব্যাকে তুলে ধরার সময়ই পর্দায় উপস্থিত থাকবেন এই অভিনেত্রী।
ছোট পর্দার নতুন কাজের পাশাপাশি বড় পর্দা নিয়েও ব্যস্ত কোয়েল। মুক্তির অপেক্ষায় রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘জননী’ এবং অন্নপূর্ণা বসুর ‘স্পর্ধা’। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়েও আগ্রহ রয়েছে তাঁর। নতুন ছবিগুলো দর্শকের ভালোবাসা পাবে বলে আশাবাদী অভিনেত্রী।