গ্র্যামির ইতিহাসে বিয়ন্সের সেঞ্চুরি, নতুন কীর্তি গড়লেন টেইলর সুইফটও

বিনোদন ডেস্ক

বিনোদন

সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরের মনোনয়ন তালিকা প্রকাশের পর থেকেই আলোচনায় সংগীত তারকারা। সোমবার (১৬ নভেম্বর)

2026-11-17T19:01:12+00:00
2026-11-17T19:01:12+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিনোদন
গ্র্যামির ইতিহাসে বিয়ন্সের সেঞ্চুরি, নতুন কীর্তি গড়লেন টেইলর সুইফটও
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:০১ পিএম 
গ্র্যামির ইতিহাসে বিয়ন্সের সেঞ্চুরি, নতুন কীর্তি গড়লেন টেইলর সুইফটও
সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরের মনোনয়ন তালিকা প্রকাশের পর থেকেই আলোচনায় সংগীত তারকারা। সোমবার (১৬ নভেম্বর) ঘোষিত তালিকায় নতুন ইতিহাস গড়েছেন মার্কিন পপ তারকা বিয়ন্সে। অন্যদিকে একাধিক বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ডের খাতায় নাম তুলেছেন টেইলর সুইফটও।

‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। এর মধ্য দিয়ে গ্র্যামিতে তাঁর মোট মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ১০০-তে। পুরস্কারটির ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

মনোনয়নের পাশাপাশি গ্র্যামি জয়ের সংখ্যাতেও শীর্ষে রয়েছেন বিয়ন্সে। এ পর্যন্ত তাঁর ঝুলিতে জমা হয়েছে ৩৫টি গ্র্যামি পুরস্কার।

জনপ্রিয় অ্যালবাম ‘বি’ডে’ (B’Day) প্রকাশের ২০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের জুলাইয়ে ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানটি প্রকাশ করেন বিয়ন্সে। আগস্টে স্বামী জে-জেডকে সঙ্গে নিয়ে গানটির রিমিক্স সংস্করণও প্রকাশ করেন তিনি।

এবারের আসরে পাঁচটি মনোনয়ন পেয়েছেন টেইলর সুইফট। সব মিলিয়ে গ্র্যামিতে তাঁর মনোনয়নের সংখ্যা এখন ৬৩, আর পুরস্কার জয়ের সংখ্যা ১৪। সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

এর মধ্য দিয়ে টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন সুইফট। এই রেকর্ড গড়া দ্বিতীয় শিল্পী তিনি এবং প্রথম নারী। এর আগে একই কৃতিত্ব দেখিয়েছিলেন কেনড্রিক লামার।

এবারের মনোনয়ন তালিকায় নারী শিল্পীদের আধিপত্যও লক্ষণীয়। সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন রেই। নয়টি মনোনয়ন নিয়ে পরের অবস্থানে রয়েছেন রোজালিয়া। সাতটি করে মনোনয়ন পেয়েছেন ফিবি ব্রিজার্স, মিরান্ডা ল্যামবার্ট, এলা ল্যাংলি ও অলিভিয়া রদ্রিগো। এ ছাড়া অলিভিয়া ডিন, ব্রুনো মার্স ও লিওন থমাসের ঝুলিতে রয়েছে ছয়টি করে মনোনয়ন।

মনোনয়নের মোট সংখ্যা তুলনামূলক কম হলেও গ্র্যামির চার প্রধান বিভাগ—‘বিগ ফোর’-এ উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে সুইফটের। তাঁর পাঁচটি মনোনয়নের মধ্যে তিনটিই এসেছে এই বিভাগগুলো থেকে। ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবাম, ‘দ্য ফেট অব অফেলিয়া’ গানের জন্য বর্ষসেরা রেকর্ড এবং ‘আই নুড ইট, আই নুড ইউ’ গানের জন্য বর্ষসেরা গানের বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৭ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে গ্র্যামির ৬৯তম আসর। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ সময় ৮ ফেব্রুয়ারি সকাল ৬টায় শুরু হবে মূল আয়োজন। এবিসি, ডিজনি প্লাস ও হুলুতে দেখা যাবে অনুষ্ঠানটি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: