বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রমজান আলী মাদবরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির জন্য কারাগার থেকে দুই আসামিকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়।
শুনানির একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মমতাজ বেগম। বিচারকের উদ্দেশে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। একজন শিল্পী হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছি। শিল্পী পেশা ছাড়া আমার অন্য কোনো পেশা নেই। আমি ন্যায়বিচার চাই।’
এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই আসামিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি আদালতকে বলেন, মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের সহায়তায় মমতাজ বেগম ও রমজান আলী মাদবর এ অপরাধে জড়িত ছিলেন।
মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে আসামিদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শাকিল। পরে বিভিন্ন হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর ডান চোখটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় গত বছরের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলাটি করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১২ মে রাতে ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এবার মিরপুরের এই হত্যাচেষ্টা মামলাতেও তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিলেন আদালত।