শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সেই স্বপ্নের সিনেমা ‘সোলজার’-এর শুটিং মাঝপথে বন্ধ হয়ে গেলেও প্রকল্পটি থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না তিনি। বরং শুটিং শুরুর অপেক্ষায় নিজের শিডিউল ফাঁকা রেখেছেন এই অভিনেত্রী।
সিনেমাটির অর্ধেকের বেশি কাজ শেষ হওয়ার পর দৃশ্যধারণ বন্ধ হয়ে যায়। কবে আবার শুটিং শুরু হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সময়সূচি জানা যায়নি। এমন পরিস্থিতিতেও সিনেমাটি নিয়ে আগ্রহ হারাননি তিশা।
‘সোলজার’ দিয়েই প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয়ের কথা তাঁর। সিনেমাটির প্রস্তুতি ও শুটিংয়ের জন্য দীর্ঘ সময় অন্য কাজ থেকে বিরত ছিলেন তিনি। এমনকি টানা চার মাসের শিডিউলও ফাঁকা রেখেছিলেন। শুটিং বন্ধ থাকলেও সেই অবস্থান বদলাননি অভিনেত্রী।
তিশা বলেন, ‘সোলজার সিনেমা নিয়ে আমার শিডিউল ওপেন। সিনেমার শুটিং শুরু হলেই আমি যুক্ত হব। এমন নয় যে আমার সঙ্গে কিছু হয়েছে। আমি আগ্রহ নিয়েই শুটিংয়ের অপেক্ষা করছি।’
বর্তমানে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটালেও নতুন কোনো বড় প্রকল্পে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই তাঁর। তিশার ভাষায়, ‘সোলজার আমার কাছে এখনো প্রধান অগ্রাধিকার।’
এদিকে সিনেমাটির শুটিং বন্ধ থাকা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানা আলোচনা চলছে। নভেম্বরে আবার দৃশ্যধারণ শুরুর পরিকল্পনার কথা শোনা গেলেও আপাতত সেই সম্ভাবনা অনিশ্চিত। এরই মধ্যে ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান। ফলে ‘সোলজার’-এর শুটিংয়ে তাঁর ফেরার সময় নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।
সিনেমাটির কয়েকজন অভিনয়শিল্পীর পারিশ্রমিক নিয়েও গুঞ্জন রয়েছে। কয়েকজন শিল্পী এখনো তাঁদের পাওনা বুঝে পাননি বলে আলোচনা চলছে। পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত কেউ কেউ শুটিংয়ে ফিরতে চাইছেন না বলেও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এখনো সিনেমাটির গানের দৃশ্যধারণ বাকি। শুটিং শুরুর সম্ভাব্য সময় জানতে পরিচালক সাকিব ফাহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ফলে কাজ শেষ করে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
২০২৫ সালের ৫ অক্টোবর ‘সোলজার’-এর শুটিং শুরু হয়। প্রথম দিন দৃশ্যধারণে শাকিব খান উপস্থিত না থাকলেও পরে তিনি অন্য প্রধান অভিনয়শিল্পীদের সঙ্গে শুটিংয়ে যোগ দেন। সিনেমায় তাঁর নতুন লুক সে সময় দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল।