বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে ঘটনার সময় বিষয়টি বুঝতে পারেননি তিনি। কারণ, অভিযুক্ত পরিচালক তাঁকে শারীরিকভাবে স্পর্শ করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১১ সালের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন, বহু বছর পর ‘মিটু’ আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার গুরুত্ব উপলব্ধি করেন।
স্বরা জানান, ২০১১ সালে মধ্যপ্রদেশের পাচমাড়িতে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার আউটডোর শুটিং চলছিল। সে সময়ই এক পরিচালকের আচরণের কারণে হেনস্তার মুখে পড়েন তিনি। তবে তখন তাঁর মনে হয়নি, ঘটনাটি কর্মক্ষেত্রে যৌন হেনস্তার পর্যায়ে পড়ে।
অভিনেত্রীর ভাষ্য, ওই ব্যক্তি তাঁকে স্পর্শ করেননি বা শারীরিকভাবে নির্যাতন করেননি। এ কারণে প্রথমে বিষয়টিকে গুরুতর কিছু বলে মনে হয়নি তাঁর। পরে বিশ্বজুড়ে ‘মিটু’ আন্দোলন শুরু হলে অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের ঘটনার তাৎপর্য বুঝতে পারেন।
সাক্ষাৎকারে স্বরা বলেন, ‘ঘটনাটি যখন ঘটছিল, তখন আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তা বলে বুঝতেই পারিনি। কারণ, ওই ব্যক্তি তো আমাকে একফোঁটাও স্পর্শ করেননি।’
স্বরা মনে করেন, কর্মক্ষেত্রে হেনস্তা মানেই শারীরিক নির্যাতন বা জোরজবরদস্তি নয়। মৌখিক আচরণ কিংবা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেও কাউকে যৌন হেনস্তার শিকার করা হতে পারে।
সেই সময় বলিউডে নিজের অবস্থান তৈরির কঠিন লড়াইয়ে ছিলেন স্বরা। বয়স কম, ইন্ডাস্ট্রিতে পরিচিত কেউ নেই—সব মিলিয়ে নিজেকে একা মনে হতো তাঁর। তবে কঠিন পরিস্থিতিতে ছবিটির নির্বাহী প্রযোজক তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর সহযোগিতাতেই শুটিংয়ের বাকি দিনগুলো পার করতে পেরেছিলেন অভিনেত্রী।