‘৩৪ বছরে যা গড়েছি, কারও কথায় তা নষ্ট হবে না’

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনয়জীবনের ৩৪ বছর পার করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ এই পথচলায় দর্শকের ভালোবাসার পাশাপাশি পেয়েছেন সমালোচনা, শুনেছেন নানা

2026-11-16T13:03:21+00:00
2026-11-16T13:03:21+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিনোদন
‘৩৪ বছরে যা গড়েছি, কারও কথায় তা নষ্ট হবে না’
বিনোদন ডেস্ক
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:০৩ পিএম 
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
অভিনয়জীবনের ৩৪ বছর পার করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ এই পথচলায় দর্শকের ভালোবাসার পাশাপাশি পেয়েছেন সমালোচনা, শুনেছেন নানা কটূক্তি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রোলিং কিংবা নেতিবাচক মন্তব্য তাঁর কাজের প্রতি ভালোবাসা ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারেনি। ঋতুপর্ণার বিশ্বাস, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা অবস্থান কারও কথায় নষ্ট হওয়ার নয়।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয়জীবন, সাইবার বুলিং, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

ট্রোলিং প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, আগে সমালোচনার মধ্যে গঠনমূলক বিষয় থাকত। কিন্তু এখন অনেক সময় সমালোচনার আড়ালে ব্যক্তিগত আক্রমণ, শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ এবং চরিত্র নিয়ে কটূক্তি করা হয়। তাঁর মতে, কাউকে নিয়ে মজার ছলে মিম তৈরি করা আর উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা এক বিষয় নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক—দুই দিকই রয়েছে বলে মনে করেন তিনি। তাই এর ব্যবহারে দায়িত্বশীলতা ও সীমারেখা থাকা প্রয়োজন। কারও ব্যক্তিগত জীবন বা পরিচয়কে আক্রমণ করার অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

দীর্ঘ ক্যারিয়ারের অর্জন নিয়ে আত্মবিশ্বাসী ঋতুপর্ণা বলেন, ‘এত বছর ধরে আমি যেটা গড়ে তুলেছি, কে কী কথা বলল, তাতে সেটা নষ্ট হতে পারে না। কেউ ঘৃণা করুক কিংবা উপেক্ষা করুক, তাতে কিছু করার নেই। তবে অবশ্যই চাইব, তাঁরাও আমাকে ভালোবাসুক।’

এত বছর ধরে অভিনয়ের প্রতি আগ্রহ ধরে রাখার কারণ জানতে চাইলে জীবনকেই নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন তিনি। ঋতুপর্ণার ভাষায়, জীবন অমূল্য। যত দিন বেঁচে থাকা যায়, তত দিন জীবনকে উদ্‌যাপন করা উচিত। অভিনয় তাঁর প্রথম ভালোবাসা। এখনো নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্রে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।

ভবিষ্যৎ কাজের বিষয়ে অভিনেত্রী জানান, প্রথম নারী পরিচালকের গল্প নিয়ে ‘ফাতিমা’ নামের একটি প্রকল্পে কাজ করছেন তিনি। পাশাপাশি মুম্বাইয়েও কয়েকটি কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে। অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মনে আরও কিছু স্মরণীয় চরিত্র তৈরি করতে চান তিনি।

টালিউডে তাঁর পরবর্তী প্রজন্মের অভিনেত্রী কে হতে পারেন—এমন প্রশ্নে ঋতুপর্ণা বলেন, সেটি ঠিক করবে টালিউডই। নতুন প্রজন্মের শিল্পীদের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, তাঁদের ভালো কাজ ও সফল সিনেমা দর্শকের মনে জায়গা করে নেবে।

সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর টালিউডের কর্মপরিবেশ নিয়েও কথা বলেন ঋতুপর্ণা। তাঁর মতে, বর্তমানে কাজের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা এসেছে। আগে ‘ব্যান কালচার’ ও টেকনিশিয়ান নিয়োগের বিধিনিষেধের কারণে কাজের যে সীমাবদ্ধতা ছিল, তা অনেকটাই কমেছে। এতে ছোট প্রযোজকদের জন্যও কাজের সুযোগ তৈরি হয়েছে।

ইন্ডাস্ট্রির সবাই যেন কাজের সুযোগ পান, সেই প্রত্যাশার কথাও জানান অভিনেত্রী। তাঁর আশা, বাংলা চলচ্চিত্রে আগামী দিনে আরও ভালো কাজ হবে এবং নতুন সম্ভাবনার পথ তৈরি হবে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: