২৫ বছর পর ফিরছে ‘পু’ ও ‘রোহান’, করণের ভিডিও ঘিরে জল্পনা

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কভি গম’ মুক্তির ২৫ বছর পূর্তি সামনে রেখে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নির্মাতা করণ

2026-11-17T19:19:12+00:00
2026-11-17T19:19:12+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিনোদন
২৫ বছর পর ফিরছে ‘পু’ ও ‘রোহান’, করণের ভিডিও ঘিরে জল্পনা
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম 
২৫ বছর পর ফিরছে ‘পু’ ও ‘রোহান’, করণের ভিডিও ঘিরে জল্পনা
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কভি গম’ মুক্তির ২৫ বছর পূর্তি সামনে রেখে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নির্মাতা করণ জোহর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর একটি রহস্যময় ভিডিওতে দেখা গেছে সিনেমাটির জনপ্রিয় দুই চরিত্র ‘পু’ ও ‘রোহান’কে। অর্থাৎ পর্দায় ফিরেছেন কারিনা কাপুর খান ও হৃতিক রোশন। ভিডিওটি ঘিরে দুই তারকাকে আবার একসঙ্গে দেখার প্রত্যাশায় উচ্ছ্বসিত ভক্তরা।

ভিডিওতে ব্যবহার করা হয়েছে সিনেমাটির জনপ্রিয় গান ‘ইউ আর মাই সোনিয়া’। এতে কারিনাকে দেখা যায় তাঁর পরিচিত ‘পু’ সাজে। আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক লাগানোর পর হাতে তুলে নেন হাই হিল ও সানগ্লাস। অন্যদিকে, কালো জ্যাকেট পরা হৃতিককে দেখা যায় ‘রোহান রাইচাঁদ’ চরিত্রের আবহে। ভিডিওর শেষ দৃশ্যে প্রকাশ করা হয় একটি তারিখ—১৯ নভেম্বর ২০২৬।

ভিডিওর সঙ্গে করণ জোহর লিখেছেন, “কুছ কাহানিয়াঁ ২৫ সাল বাদ ভি খতম নেহি হোতি...” অর্থাৎ, কিছু গল্প ২৫ বছর পরও শেষ হয় না। তাঁর এই বার্তা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তদের ধারণা, সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কোনো আয়োজন কিংবা নতুন চমকের ঘোষণা আসতে পারে।

২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কভি গম’ পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল করণ জোহরের। পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ ও পুনর্মিলনের গল্প দর্শকদের মনে জায়গা করে নেয়। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর খানের অভিনয়ে সিনেমাটি এখনো বলিউডের আলোচিত পারিবারিক চলচ্চিত্রগুলোর একটি।

করণের পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস দেখা যায়। কেউ লিখেছেন, ‘নিজেকে আর শান্ত রাখতে পারছি না!’ আরেকজনের মন্তব্য, ‘আবারও এই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না।’ কেউ কেউ আবার ‘বেবো’ ও হৃতিককে দীর্ঘদিন পর একসঙ্গে দেখার সম্ভাবনায় আবেগ প্রকাশ করেছেন।

তবে সম্ভাব্য ঘোষণা নিয়ে সংশয়ও রয়েছে অনেকের। তাঁদের আশঙ্কা, এটি নতুন কোনো সিনেমা বা বিশেষ আয়োজনের ঘোষণা না হয়ে বিজ্ঞাপনের অংশ হতে পারে। কারণ, করণ জোহর তাঁর পোস্টে অনলাইনভিত্তিক একটি বাড়িভাড়া ও আবাসনসংশ্লিষ্ট মার্কেটপ্লেসকে ট্যাগ করেছেন। এ কারণে ভিডিওটি বিজ্ঞাপন প্রচারের অংশ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে করণ জোহর কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে ১৯ নভেম্বরের ঘোষণার জন্য অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের।

‘কাভি খুশি কভি গম’-এ একটি ধনী পরিবারের ভাঙন, ভুল-বোঝাবুঝি ও সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছিল। পরিবারের আপত্তি উপেক্ষা করে তুলনামূলক কম সচ্ছল পরিবারের এক তরুণীকে বিয়ে করতে চাওয়াকে কেন্দ্র করে দত্তকপুত্রের সঙ্গে পরিবারের দূরত্ব তৈরি হয়। পরে সেই বিচ্ছিন্নতা কাটিয়ে পুনর্মিলনের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।

যতীন-ললিত, সন্দেশ শান্ডিল্য ও আদেশ শ্রীবাস্তবের সংগীত পরিচালনায় সিনেমাটির গানও ব্যাপক জনপ্রিয়তা পায়। যশ জোহর প্রযোজিত ছবিটি মুক্তি পেয়েছিল ধর্মা প্রোডাকশনসের ব্যানারে। সময় পেরিয়ে গেলেও সিনেমার গান, সংলাপ এবং বিশেষ করে কারিনার ‘পু’ চরিত্র দর্শকদের স্মৃতিতে এখনো উজ্জ্বল।

২৫ বছর পর কারিনা ও হৃতিককে ঘিরে করণের এই ভিডিও তাই পুরোনো স্মৃতিতে নতুন করে নাড়া দিয়েছে। তবে এটি বিজ্ঞাপনী প্রচারণা, নাকি সিনেমাটির ভক্তদের জন্য বিশেষ কোনো উপহার—সেই রহস্যের সমাধান মিলবে ১৯ নভেম্বর।

সূত্র: এনডিটিভি


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: