আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ নিয়ে অবশেষে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর দাবি, সাংবাদিক পরিচয় দেওয়ার আগে ওই ব্যক্তি তাঁর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছিলেন। তাৎক্ষণিক ক্ষোভ থেকেই তিনি প্রতিবাদ জানান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ যান পরীমনি। বিচারক রবিউল আলমের আদালতে পৌঁছে তিনি জানতে পারেন, মামলাটি ঢাকার সিএমএম আদালতে স্থানান্তর করা হয়েছে।
পরে সিএমএম আদালতে হাজির হন এই অভিনেত্রী। শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।
আদালত থেকে বেরিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় সম্প্রতি আলোচিত সাংবাদিকের সঙ্গে বিরোধের ঘটনা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি। এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এভাবে যে—আমি কিন্তু সাংবাদিক! তার মানে কী দাঁড়াল?’
ঘটনার সময় নিজের প্রতিক্রিয়ার ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘তখন তো আমি হিট মোমেন্টে ছিলাম; তাহলে তো বলবোই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’
এর আগে গত ৫ নভেম্বর এক ব্যবসায়ীকে মারধরের মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্বিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ওই সাংবাদিককে টেনে নিয়ে মারধর করেন অভিনেত্রী। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়।
এদিকে ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় র্যাবের অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার বিচারিক কার্যক্রম চলার মধ্যেই আদালত প্রাঙ্গণের সাম্প্রতিক ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।