দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসা ও সমর্থনেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। সেই দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে মৃত্যুর পর নিজের গুরুত্বপূর্ণ সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর ইচ্ছা, পরিবারের পরিবর্তে সম্পত্তির অর্থ ব্যয় হবে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে।
একসময় বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করা রজনীকান্ত আজ ভারতের অন্যতম জনপ্রিয় ও সম্পদশালী অভিনেতা। তবে নিজের সাফল্যের পেছনে তামিলনাড়ুর দর্শকদের অবদানকে বিশেষভাবে গুরুত্ব দেন তিনি। তাঁর ভাষ্য, দর্শকেরা সিনেমার টিকিট কিনে পাশে না দাঁড়ালে তাঁর এই অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না।
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রজনীকান্ত বলেন, মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপমের সম্পূর্ণ সম্পত্তি একটি জনকল্যাণমূলক ট্রাস্টের অধীনে চলে যাবে। সেখান থেকে প্রতিটি অর্থ তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করা হবে। তাঁর পরিবার এই সম্পত্তি থেকে কোনো অংশ পাবে না বলেও জানান তিনি।
দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা বলেন, টিকিটের দাম যেমনই থাকুক, তামিলনাড়ুর মানুষ সব সময় তাঁর সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গেছেন। তাঁদের এই ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতেই সম্পত্তি জনকল্যাণে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রজনীকান্তের কাছে দর্শকের ভালোবাসা কেবল জনপ্রিয়তার মাপকাঠি নয়, বরং জীবনের বড় অর্জন। মৃত্যুর পর নিজের সম্পত্তি সাধারণ মানুষের কাজে লাগানোর ইচ্ছার মধ্য দিয়ে সেই কৃতজ্ঞতাই প্রকাশ করতে চান এই অভিনেতা।