বাবা হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তাঁর অভিনীত ‘যাপিত জীবন’ সিনেমাটি আগামী ২০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি ঘিরে আবেগ ও প্রত্যাশার কথা জানিয়ে দর্শকদের কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।
আজ বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মুক্তির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন ভাবনা। তিনি জানান, দিনটি তাঁর জন্য বিশেষ আনন্দ ও আবেগের।
সিনেমাটির সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসা, শ্রম ও স্বপ্নের কথা তুলে ধরে ভাবনা লেখেন, ‘অনেক ভালোবাসা, আবেগ ও পরিশ্রম আর স্বপ্ন জড়িয়ে আছে এ ‘যাপিত জীবন’ সিনেমার সঙ্গে। দিনটি আমার জন্য একটু বেশি আবেগের, একটু বেশি আনন্দের।’
নিজের পাশাপাশি সিনেমার পুরো দলের জন্য দোয়া চেয়ে তিনি আরও বলেন, ‘সবাই আমার এবং আমাদের পুরো টিমের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিশ্রমকে সার্থক করেন এবং আমাদের সিনেমাটি সবার ভালোবাসা পায়। সবাইকে সঙ্গে চাই।’
‘যাপিত জীবন’ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছেন বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী রোকেয়া প্রাচী। ভাবনা ছাড়াও এতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, ডলি জহুর, গাজী রাকায়েত, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ ও আজাদ আবুল কালামসহ অনেকে।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘যাপিত জীবন’। দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমিতে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। এতে একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা ও নানা সংকটের চিত্র তুলে ধরা হয়েছে।