চারবার বিয়ে করেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। প্রতিটি দাম্পত্যেরই পরিণতি হয়েছে বিচ্ছেদে। তবে জীবনের এসব অভিজ্ঞতা নিয়ে কোনো আক্ষেপ নেই তাঁর। বরং অতীতের সম্পর্কগুলো তাঁকে নিজের চাওয়া-পাওয়া ও ব্যক্তিগত জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে।
সম্প্রতি এক পডকাস্টে প্রেম, একাকিত্ব, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেছেন ৫৭ বছর বয়সী এই গায়িকা ও অভিনেত্রী। বিশেষ করে সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদকে জীবনের কঠিন ও হতাশাজনক অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার বেনি ব্লাঙ্কো, লিল ডিকি ও তাঁর স্ত্রী ক্রিস্টিন বাতালুকোর সঞ্চালনায় ‘ফ্রেন্ডস কিপ সিক্রেটস’ পডকাস্টে অতিথি হন লোপেজ। সেখানে নিজের চারটি বিয়ে ও সম্পর্কের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এর আগে ওজানি নোয়া, ক্রিস জাড, মার্ক অ্যান্থনি ও বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা।
অতীতের সম্পর্কগুলো নিয়ে ভাবতে গিয়ে লোপেজ বুঝতে পেরেছেন, দীর্ঘদিন ধরে অন্যের ভালোবাসার মধ্যেই জীবনের স্থিতি খুঁজেছেন তিনি। খ্যাতি ও পরিচিত মানুষের ভিড়ের মধ্যেও তাঁকে একাকিত্বের সঙ্গে লড়তে হয়েছে।
পডকাস্টে লোপেজ বলেন, দীর্ঘদিন ধরে পরিচিত মুখ হলেও অনেক সময় নিজেকে দিশাহীন মনে হয়েছে। সাধারণ মানুষের ধারণা, তারকাদের চারপাশে সব সময় অনেক মানুষ থাকেন। কিন্তু মানুষের ভিড়েও একাকিত্ব অনুভব করা সম্ভব।
লোপেজের ভাষ্য, তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন, যিনি কোনো স্বার্থ বা প্রাপ্তির প্রত্যাশা ছাড়াই তাঁকে ভালোবাসবেন। সেই আকাঙ্ক্ষা থেকেই একটি সম্পর্ক শেষ হওয়ার পর নতুন সম্পর্কে জড়িয়েছেন। প্রতিবারই ভেবেছেন, নতুন মানুষটির সঙ্গে হয়তো জীবনের অপূর্ণতা ঘুচবে।
তবে সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্টও তাঁকে কম সহ্য করতে হয়নি। বিশেষ করে বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদকে সব দিক থেকেই কঠিন ও হতাশাজনক অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন তিনি। এ নিয়ে আর বিস্তারিত কথা বলতেও আগ্রহী নন লোপেজ।
বিচ্ছেদের পরও নিজের ব্যক্তিত্ব ও নৈতিক অবস্থান ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর মতে, সম্পর্কের ইতি ঘটলেও নিজের আচরণ নিয়ে যেন পরে অনুশোচনা করতে না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।
অতীতের সম্পর্কগুলোর কথা উল্লেখ করে লোপেজ বলেন, প্রতিটি সম্পর্কেই তিনি মনপ্রাণ দিয়ে ভালোবেসেছেন। এমন কিছু করেননি, যা নিয়ে পরে লজ্জিত হতে হবে। কঠিন সময়ে রাগ বা ক্ষোভের বশে অন্যকে আঘাত করার প্রবণতা তৈরি হতে পারে। কিন্তু আবেগ নিয়ন্ত্রণে রাখাই গুরুত্বপূর্ণ। বিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়া অন্যদের প্রতিও সম্মান ও মর্যাদা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
আপাতত পঞ্চমবার বিয়ের কোনো পরিকল্পনা নেই লোপেজের। তবে ভবিষ্যতে আর কখনো প্রেমে জড়াবেন না, এমন সিদ্ধান্তও নেননি তিনি।
এদিকে ব্যক্তিগত জীবনে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছেন এই তারকা। উচ্চশিক্ষার জন্য সন্তানদের বাড়ি ছেড়ে যাওয়ার পর নিজের জীবনযাপনে পরিবর্তন আনতে হচ্ছে তাঁকে। সাবেক স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে তাঁর যমজ সন্তান ম্যাক্স ও এমের বয়স এখন ১৮ বছর। দুজনই কলেজে পড়তে বাড়ি ছেড়েছে।
গত ১৫ নভেম্বর জিমি ফ্যালনের অনুষ্ঠানে অংশ নিয়েও সন্তানদের বাড়ি ছাড়ার বিষয়টি নিয়ে আবেগের কথা জানিয়েছিলেন লোপেজ। বলেছিলেন, সন্তানদের চলে যাওয়ার সময় যত এগিয়ে আসছিল, তার কয়েক মাস আগে থেকেই তিনি কান্নায় ভেঙে পড়তেন।
প্রায় দুই দশক ধরে সন্তানদের বড় করেছেন তিনি। জীবনের দীর্ঘ সময় কোনো না কোনো সম্পর্কে থাকার পর এখন নিজের পছন্দ, ইচ্ছা ও সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে জীবন কাটানোর অভ্যাস করছেন লোপেজ।
তথ্যসূত্র: গালফ নিউজ।