মুম্বাইয়ের বাড়িতে অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান। তাঁর দাবি, বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন (প্লাস্টিকের মানবদেহ) নিজে থেকেই জায়গা বদলাত। বিষয়টি নিয়ে অস্বস্তি ও আতঙ্ক তৈরি হওয়ায় শেষ পর্যন্ত সেটি খুলে ফেলে দেন অভিনেত্রী। বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে পালন করেন কিছু ধর্মীয় আচারও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন শ্রুতি। অভিনেত্রীর ভাষ্য, কোনো কোনো জায়গার অস্বাভাবিক পরিবেশ বা শক্তি তিনি অনুভব করতে পারেন। চেন্নাইয়ের বাড়িতে এমন কিছু মনে না হলেও মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যে অস্বাভাবিক কিছু অনুভব করতেন তিনি।
শ্রুতির মুম্বাইয়ের বাড়িতে মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন ছিল। সেটির নাম দিয়েছিলেন ‘ফিওনা’। আলমারিতে জায়গা না থাকায় একটি অতিরিক্ত পোশাক ম্যানিকুইনটির গায়ে পরিয়ে রেখেছিলেন তিনি। বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতেন অভিনেত্রী।
তবে কিছুদিন পর থেকেই ম্যানিকুইনটিকে ঘিরে অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান শ্রুতি। তাঁর দাবি, সেটি নিজে থেকেই জায়গা বদলাত। বিষয়টি ক্রমেই তাঁর কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। একপর্যায়ে সেটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। শ্রুতির ভাষায়, ‘ওটাকে খুলে ফেলি। একেবারে ফেলে দিই।’
এরপর বাড়ির পরিবেশ শান্ত রাখতে হনুমান চালিসা শুনতেন বলে জানান অভিনেত্রী। হাতে লবণ নিয়েও কিছু ধর্মীয় আচার পালন করেন। একপর্যায়ে পুরো বাড়িটি কার্যত বন্ধ করে দেন। শ্রুতির দাবি, এসবের পর থেকে বাড়ির পরিবেশ শান্ত রয়েছে।
সাক্ষাৎকারে নিজের ধর্মবিশ্বাস নিয়েও কথা বলেন শ্রুতি হাসান। জানান, পরিবারের সদস্যদের মধ্যে তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বড় হয়েছেন, যেখানে ধর্মীয় আচার পালন বা ঈশ্বরের উপাসনার প্রচলন তেমন ছিল না। বাবা কমল হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তাঁর নিজের বিশ্বাসের পার্থক্য রয়েছে বলেও জানান অভিনেত্রী।