অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন আর আগের মতো নিয়মিত পর্দায় কাজ করেন না। তবে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে তাঁকে দেখা যায়। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের কাজ, ব্যক্তিজীবন ও জীবনযাপনের অভ্যাস নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, নিজের শিল্পীসত্তার তৃপ্তির জন্য এখন থেকে বেছে বেছে কাজ করতে চান। পাশাপাশি নিজের অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি) থাকার কথাও প্রকাশ করেছেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রভা জানান, এখন আর যেকোনো ধরনের নাটক বা কাজে যুক্ত হতে আগ্রহী নন। এমন কাজই করতে চান, যেগুলো তাঁকে শিল্পী হিসেবে সন্তুষ্টি দেবে। তাঁর এই মানসিকতার পেছনে রয়েছে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা।
প্রভা বলেন, ‘আমার একটা সময় পর্দায় প্রয়োজন ছিল। এখন আমি ফিল করি, আমার যে শিল্পীসত্তা, সেটা আসলে কাজে লাগাতে চাই। যে কাজ করে আমি তৃপ্তি পাব, যে কাজ করে আমার মনে হবে, আমি একজন অ্যাক্টর এবং এই কাজটা করে মনে হয়েছে ভালো কাজ করেছি। কারণ বহু বছর ভালো কাজ, খারাপ কাজ, অনুরোধের কাজ; সব রকমের কাজ আমাকে করতে হয়েছে। আমি এখন আর এসব কাজ করতে চাই না।’
নিজের ওসিডি এবং ব্যক্তিগত জীবনযাপন নিয়েও খোলামেলা কথা বলেন প্রভা। তিনি জানান, শুটিংয়ের পরিবেশের সঙ্গে সব সময় মানিয়ে নিতে পারেন না। বিশেষ করে সিগারেটের গন্ধ তাঁর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি বারবারই বলি, আমি খুব একটা শুটিং ফ্রেন্ডলিও না। কারণ আমার প্রচুর ওসিডি আছে। সিগারেটের গন্ধও আমাকে প্রভাবিত করে। আমি খুব শান্তিপ্রিয় মানুষ এবং খুব নিয়ম মেনে জীবনযাপন করতে পছন্দ করি। সকালে ঠিক সময়ে উঠব, অফিসে যাব, অফিস থেকে জিমে যাব। এরপর বাসায় ফিরে ১০টা-১১টার মধ্যে ঘুমানোর চেষ্টা করব। এই জীবনটা আমি অনেক উপভোগ করি।’
অনুষ্ঠানে নিজের ভ্রমণের অভ্যাস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের বিষয়েও কথা বলেন প্রভা। জানান, কাজের ব্যস্ততার কারণে খুব বেশি ছুটি পান না তিনি। তবে কাজের প্রয়োজনে কিংবা নিজের আগ্রহে বিভিন্ন জায়গায় ঘুরতে যান।
সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণের অভিজ্ঞতাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। পুরোনো ভ্রমণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় অনেকের ধারণা, তিনি প্রায়ই বিদেশে থাকেন। তবে প্রভার দাবি, কাজের ব্যস্ততার কারণে অনেক সময় আগের তোলা ছবি ও ভিডিওই পরে সামাজিক মাধ্যমে পোস্ট করেন।