বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবককে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারের ক্ষেত্রে আইন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় শনিবার (১৪ নভেম্বর) মুম্বাইয়ের বান্দ্রা আদালত তাঁর গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেন।
এর আগে ১৩ নভেম্বর এ ঘটনায় বান্দ্রা থানায় অভিযোগ করেন সোনাক্ষী। তাঁর অভিযোগ, দিল্লির এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিকৃত ছবি ছড়িয়ে দিয়েছেন। অভিযুক্তের নাম আরিয়ান দীপক জৈন। দিল্লির শাহদারার জগৎপুরী থানাসংক্রান্ত একটি মামলায় শনিবার সকাল ১০টা ১১ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মুম্বাইয়ে নিয়ে বান্দ্রা আদালতে হাজির করা হয়।
শুনানিতে পুলিশ অভিযুক্তকে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। পুলিশের যুক্তি, অভিনেত্রীর অশ্লীল ছবি তৈরিতে কোন মাধ্যম বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করা প্রয়োজন। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্তও করতে হবে।
তবে পুলিশের আবেদনের বিরোধিতা করেন অভিযুক্তের পক্ষের আইনজীবী। তাঁদের দাবি, গ্রেপ্তারের আগে অভিযুক্তকে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি। এমনকি গ্রেপ্তারের কারণও জানানো হয়নি। তাঁকে গোপনে বিমানে করে দিল্লি থেকে মুম্বাইয়ে আনা হয়েছে। অথচ আইন অনুযায়ী, যে এলাকায় কাউকে গ্রেপ্তার করা হয়, সেখানকার স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে প্রথমে হাজির করার বিধান রয়েছে।
সোনাক্ষীর প্রভাবের কারণে পুলিশ তাড়াহুড়ো করে এ পদক্ষেপ নিয়েছে বলেও আদালতে দাবি করেন অভিযুক্তের আইনজীবীরা।
আদালত পর্যবেক্ষণে বলেন, অভিযুক্তকে দিল্লির স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির না করেই সরাসরি মুম্বাইয়ে আনা হয়েছে। আইন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করার বিষয়ে তদন্তকারী সংস্থাও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
আদালত আরও বলেন, শুধু তদন্তের প্রয়োজনের কথা বলে কাউকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা যায় না। বিশেষ করে গ্রেপ্তারের ক্ষেত্রে আইন নির্ধারিত নিয়ম অনুসরণ করা না হলে সেই পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে অভিযুক্তের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেন ম্যাজিস্ট্রেট এবং তাঁকে মুক্তির নির্দেশ দেন।