যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে দেড় হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র থাকতে পারে। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
রোববার (১৫ নভেম্বর) ইসরাইল ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হাতে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র রয়েছে, তা নিয়ে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। তাঁদের হিসাবের নির্ভরযোগ্যতাও কম। যুদ্ধের আগে দেশটির বিভিন্ন স্থানে কত ক্ষেপণাস্ত্র মজুত ছিল এবং বর্তমানে কতগুলো উৎক্ষেপণের উপযোগী অবস্থায় রয়েছে, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা কঠিন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে তাঁদের ধারণা, ইরানের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা এখনো অক্ষত রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের আগে সংগ্রহ করা বিভিন্ন যন্ত্রাংশ কাজে লাগিয়ে নতুন করে ক্ষেপণাস্ত্রের মজুত গড়ে তোলার চেষ্টা করছে ইরান। তবে গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর আগের তুলনায় দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি কম।
ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের হাতে বিপুলসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে দেশটির।
ইসরাইলের সামরিক কর্মকর্তাদের মূল্যায়নও প্রায় একই রকম। তাঁদের ধারণা, ইরানের অস্ত্রভাণ্ডারে এখনো দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
ইরানের অবশিষ্ট ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে এই গোয়েন্দা মূল্যায়ন দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইরানি বাহিনী এখনো যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, রাডার কেন্দ্র এবং আগাম সতর্কতাব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক সরঞ্জাম ও স্থাপনা ইসরাইলে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের মতে, সেখানে সেগুলো তুলনামূলক নিরাপদ।
এদিকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও লক্ষ্যবস্তু শনাক্তের সক্ষমতা বাড়িয়েছে ইরান। রাশিয়াসহ কয়েকটি সহযোগী দেশের সহায়তা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সমন্বয় জোরদার করে আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়িয়েছে দেশটি।
বর্তমানে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের বিমান হামলার অনুমোদন না দিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও নতুন সামরিক অভিযান শুরু না করার আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, নতুন করে হামলা হলে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে।
যুদ্ধবিরতির সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের একজন জ্যেষ্ঠ কট্টরপন্থী নেতার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পরে ট্রাম্প তাঁকে সেই উদ্যোগ বন্ধ করে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।
অন্যদিকে, হোয়াইট হাউসের দাবি, ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ দেশটির সামরিক বাহিনীকে ব্যাপকভাবে দুর্বল করেছে। অব্যাহত অর্থনৈতিক চাপেও ইরানের শাসনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। তবে ব্যাপক হামলার পরও ইরান সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং নতুন করে অস্ত্র মজুতের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছেন ইসরাইলের এক সামরিক কর্মকর্তা।