পুরোনো বিমান নিয়ন্ত্রণব্যবস্থা বদলাতে ৫ হাজার কোটি ডলার চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে সৃষ্ট বিপর্যয় দ্বিতীয় দিনেও কাটেনি। শুক্রবার কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকার পর শনিবারও ৫

2026-11-15T10:32:34+00:00
2026-11-15T10:40:16+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজার ফ্লাইট
পুরোনো বিমান নিয়ন্ত্রণব্যবস্থা বদলাতে ৫ হাজার কোটি ডলার চায় যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৩২ এএম  আপডেট: ১৫.১১.২০২৬ ১০:৪০ এএম
পুরোনো বিমান নিয়ন্ত্রণব্যবস্থা বদলাতে ৫ হাজার কোটি ডলার চায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে সৃষ্ট বিপর্যয় দ্বিতীয় দিনেও কাটেনি। শুক্রবার কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকার পর শনিবারও ৫ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া প্রায় ৬ হাজার ৩০০টি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে। এতে বিমানবন্দরগুলোতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

এ পরিস্থিতিতে দেশটির পুরোনো বিমান নিয়ন্ত্রণব্যবস্থা পুরোপুরি আধুনিকায়নে ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি মার্কিন ডলারের প্রয়োজন বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি।

শনিবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আগের দিন শুক্রবার প্রায় ৯ হাজার ২০০টি ফ্লাইট বাতিল হয়েছিল। উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বিমান চলাচল শুরু হলেও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি আকাশপথ। অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। কেউ সংযোগকারী ফ্লাইট হারিয়েছেন, আবার অনেককে নতুন করে ভ্রমণের সময় নির্ধারণ করতে হয়েছে।

শুক্রবার রাতে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে শন ডাফি বলেন, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণের বড় একটি অংশ এখনো কয়েক দশক আগের প্রযুক্তির ওপর নির্ভরশীল। পুরোনো যোগাযোগব্যবস্থা, জরাজীর্ণ নিয়ন্ত্রণ টাওয়ার, রাডার ও সফটওয়্যারসহ বিভিন্ন অবকাঠামো আধুনিক করা জরুরি। এমনকি কিছু স্থাপনায় ছাদ দিয়ে পানি পড়া এবং শীতাতপনিয়ন্ত্রণ ও লিফটের মতো মৌলিক সুবিধারও ঘাটতি রয়েছে।

পরিবহনমন্ত্রী জানান, এসব সমস্যা কাটিয়ে পুরো ব্যবস্থাকে আধুনিক করতে প্রায় ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। এর আগে এ খাতে প্রশাসনের প্রস্তাবিত বরাদ্দ ছিল ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার। তবে নতুন করে চাওয়া পুরো অর্থের বিষয়ে এখনো কংগ্রেসের অনুমোদন মেলেনি।

এদিকে বিমান চলাচলে বিপর্যয়ের সম্ভাব্য কারণ সম্পর্কেও তথ্য দিয়েছে মার্কিন পরিবহন বিভাগ। কর্মকর্তাদের ধারণা, পুরোনো তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক সংযোগ স্থাপনের কাজ চলার সময় একটি রাউটার থেকে অস্বাভাবিক সংখ্যায় সংযোগের অনুরোধ তৈরি হয়। প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি অনুরোধের চাপ ছড়িয়ে পড়ে অন্য রাউটারগুলোতেও। এতে বিমান নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর যোগাযোগ এবং রাডারের তথ্য আদান-প্রদানে বিঘ্ন ঘটে।

ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের কাজ চলার সময় এ সমস্যা দেখা দেয়। তবে যন্ত্রের ত্রুটি, নাকি কাজের সময় কোনো ভুলের কারণে এই বিপর্যয় ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত সাইবার হামলা বা নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

যোগাযোগব্যবস্থা সচল হলেও ফ্লাইটের জট কাটছে না। কয়েক ঘণ্টার অচলাবস্থায় উড়োজাহাজগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। ফলে উড়োজাহাজ ও সংশ্লিষ্ট কর্মীদের অবস্থান এলোমেলো হয়ে যায়। একটি উড়োজাহাজ দিনে একাধিক ফ্লাইট পরিচালনা করায় একটি যাত্রা বাতিলের প্রভাব পরবর্তী ফ্লাইটগুলোর ওপরও পড়ছে।

নিউইয়র্কের জন এফ কেনেডি ও লাগার্ডিয়া এবং নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটে আসন, ভ্রমণের তারিখ পরিবর্তন ও নিয়ম অনুযায়ী অর্থ ফেরতের ব্যবস্থা করছে বিমান সংস্থাগুলো। তবে বিকল্প ফ্লাইটে আসন পাওয়া নির্ভর করছে সংশ্লিষ্ট সংস্থার সক্ষমতার ওপর।

শুক্রবার বিকেল ৩টা ৩৬ মিনিটের দিকে বিমান চলাচলের যোগাযোগ নেটওয়ার্কে সমস্যা শনাক্ত হয়। এতে যুক্তরাষ্ট্রের ২২টি আঞ্চলিক বিমান নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা বিবেচনায় দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এ সময় নতুন কোনো উড়োজাহাজকে আকাশে ওড়ার অনুমতি দেওয়া হয়নি। তবে আকাশে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে অবতরণ করে। পরে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এফএর প্রশাসক ব্রায়ান বেডফোর্ড আশা প্রকাশ করেছেন, রবিবার দিনের শেষ নাগাদ ফ্লাইটের সময়সূচি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। তবে আকাশসীমা আবারও সচল হলেও বাতিল ও বিলম্বিত ফ্লাইটের কারণে যাত্রীদের ভোগান্তি এখনো শেষ হয়নি।

সূত্র: সিএনএন


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: